কল্কি ২-এ দীপিকার পরিবর্তে অন্য কেউ আসছেন না

‘কল্কি ২৮৯৮ এডি’-এর দ্বিতীয় কিস্তিতে নতুন কোনো অভিনয়শিল্পী যুক্ত হচ্ছেন না বলে জানিয়েছেন পরিচালক নাগ অশ্বিন। ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, শুরু করা গল্পটিই তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং বর্তমানে যে চরিত্রগুলো রয়েছে, সেগুলোই সিনেমার জন্য যথেষ্ট। এর ফলে দীপিকা পাড়ুকোনের চরিত্রটি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার আপাতত অবসান ঘটেছে—তার জায়গায় অন্য কাউকে নেওয়া হচ্ছে না।

এর আগে ‘কল্কি ২৮৯৮ এডি’-এর প্রথম পর্বের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ছিলেন দীপিকা পাড়ুকোন। তবে দ্বিতীয় কিস্তির শুটিং শুরুর প্রাক্কালে নির্মাতা প্রতিষ্ঠান বৈজয়ন্তী মুভিজ এক বিবৃতিতে জানায় যে, তারা দীপিকার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সময় প্রযোজনা প্রতিষ্ঠানটি জানায়, দীর্ঘ যাত্রার পরও তারা একটি অংশীদারত্বে পৌঁছাতে না পারায় এই বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীপিকার সিনেমাটি ছাড়ার কারণ সম্পর্কে তিনি নিজে সরাসরি কিছু না বললেও, ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে নানা জল্পনা শোনা গিয়েছিল। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে দাবি করা হয়, তিনি পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়ানোর দাবি করেছিলেন। অন্যদিকে ইন্ডিয়া টুডের মতে, দ্বিতীয় কিস্তিতে তার চরিত্রের পরিসর কমিয়ে দেওয়াটাই ছিল মূল কারণ। এর আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকেও তিনি সরে দাঁড়িয়েছিলেন, যার পেছনে কাজের সময়সূচি নিয়ে মতবিরোধের কথা শোনা গিয়েছিল।

‘কল্কি ২’ ছাড়ার কয়েক মাস পর দীপিকা নিজের কাজের মানদণ্ড নিয়ে বলেছিলেন, তিনি এখন এমন কোনো কাজ করতে চান না যা তার কাছে সত্যি মনে হয় না। কেবল বড় বাজেট বা পারিশ্রমিকই তার কাছে কাজ বেছে নেওয়ার একমাত্র মাপকাঠি নয় বলেও জানিয়েছিলেন তিনি।

এদিকে সিনেমার শুটিং নিয়ে নাগ অশ্বিন জানিয়েছেন, অমিতাভ বচ্চন ও কমল হাসানের কিছু দৃশ্যের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ফেব্রুয়ারিতে এই দুই কিংবদন্তি একসঙ্গে শুটিংও করেছেন। প্রভাসের অন্যান্য সিনেমার ব্যস্ততার কারণে মূল শুটিংয়ে কিছুটা দেরি হলেও সেই জটিলতা এখন কেটে গেছে। পরিচালকের পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি থেকে নিয়মিত শুটিং শুরু হবে এবং আগামী বছরের মাঝামাঝি শুটিং শেষ করার লক্ষ্য রয়েছে। ২০২৮ সালে সিনেমাটি মুক্তির সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ বিশ্বজুড়ে ১ হাজার ১০০ কোটি রুপিরও বেশি আয় করেছিল।