কাতারে সড়ক দুর্ঘটনায় ভোলার প্রবাসী বাবুলের মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় মো. বাবুল আহমেদ (৪৭) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তিনি ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিবপুর খাসেরহাট এলাকার বাসিন্দা ছিলেন। জীবিকার সন্ধানে দীর্ঘ ১৭ বছর ধরে তিনি কাতারে বসবাস করছিলেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে। জানা যায়, বাবুল তার ব্যক্তিগত গাড়িতে করে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। কাতারের লুসাইল শহরে পৌঁছালে গাড়িটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। এ সময় তিনি গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে সেটি পরীক্ষা করছিলেন। হঠাৎ পেছন দিক থেকে আসা একটি মিশরিচালিত গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হামাদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হামাদ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। দেশে বাবুলের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহযোগিতা কামনা করেছেন।