চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬, ২০: ১৬) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৬ষ্ঠ জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মুফতি রেজাউল করীম বলেন, নারায়ণগঞ্জে যুব আন্দোলনের নেতা বুলবুল হত্যার বিচারসহ সব হত্যাকাণ্ড, খুন, গুম ও ধর্ষণ রুখে দিতে যুব আন্দোলনকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকীর সঞ্চালনায় কনভেনশনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চরমোনাই পীর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বর্তমান কমিটি বিলুপ্ত করে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে মুফতি মানসুর আহমদ সাকী সভাপতি, আ হ ম আলাউদ্দীন ও অ্যাডভোকেট বায়েজিদ সহ-সভাপতি এবং রহমাতুল্লাহ বিন হাবিব সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন।
ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর প্রমাণিত হয়েছে যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের লেবেল লাগিয়ে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে না। তিনি আলেম-ওলামা ও সাধারণ মানুষের আগ্রহের কথা উল্লেখ করে ইসলাম প্রচারের আহ্বান জানান। এছাড়া আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইসলামের পক্ষে শক্তিশালী ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।
কনভেনশনে ইসলামী যুব আন্দোলনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আতিকুর রহমান মুজাহিদ জুলাই গণঅভ্যুত্থানে কর্মীদের ভূমিকার প্রশংসা করেন। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম যুবকদের আদর্শবান হওয়ার আহ্বান জানান এবং বিএনপিকে সতর্ক করে বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমাতে হবে, অন্যথায় কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের শীর্ষ নেতারা। তারা দেশের অগ্রগতি ও আদর্শিক পরিবর্তনের জন্য যুবশক্তির ইতিবাচক ভূমিকা ও নৈতিক সমৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ, শেখ ফজলুল করীম মারুফসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

