পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, অসন্তোষ বা ক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ার আগেই অর্থাৎ যখন মানবিক ও আর্থিক ক্ষতির পরিমাণ সর্বনিম্ন থাকে, তখনই আমাদের মধ্যস্থতার উদ্যোগ নিতে হবে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের ‘টার্কিশ হাউস’-এ আয়োজিত জাতিসংঘের ‘গ্রুপ অব ফ্রেন্ডস অব মিডিয়েশন’-এর ১৬তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা কার্যক্রমের অভিজ্ঞতার আলোকে মধ্যস্থতা ও শান্তি বিনির্মাণ সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি এ ক্ষেত্রে বাংলাদেশে ‘বিপসট’-এ পরিচালিত ‘ইন্টিগ্রেটেড পিসবিল্ডিং কম্পিটেন্সি প্রোগ্রাম’-এর মতো বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জাতীয় মালিকানার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থেকে বিভিন্ন রাষ্ট্র, আঞ্চলিক পক্ষসমূহ, স্থানীয় মধ্যস্থতাকারী এবং জাতিসংঘের মধ্যে আরও শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানান।
প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে জাতিসংঘের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ জন্য নিয়মিত ও নিশ্চিত অর্থায়ন, দ্রুত মোতায়েনযোগ্য মধ্যস্থতা সহায়তা এবং আগাম সতর্কতার ভিত্তিতে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ জরুরি। এ ছাড়া তিনি মধ্যস্থতার ক্ষেত্রে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের ওপর জোর দেন। তিনি এ ক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও গোপনীয়তা রক্ষার জন্য যথাযথ সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালে আয়োজিত এই অনুষ্ঠানটি ফিনল্যান্ড ও তুরস্ক যৌথভাবে আয়োজন করে। এতে বিভিন্ন দেশের মন্ত্রী ও উচ্চপদস্থ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

