সম্পর্কের বরফ গলাতে যুক্তরাষ্ট্রে আবার ‘পান্ডা কূটনীতি’ ফেরাল চীন

কৃত্রিম বুদ্ধিমত্তা, শুল্ক যুদ্ধ, খনিজ সম্পদ, তাইওয়ান এবং ইরান যুদ্ধের মতো জটিল সব ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের পারদ এখন বেশ উত্তপ্ত। দুই পরাশক্তির মধ্যকার এই শীতলতা দূর করতে এবং সম্পর্কের বরফ গলাতে আবারও বহু পুরনো ‘পান্ডা কূটনীতি’ ফিরিয়ে এনেছে বেইজিং। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফরকালে দেশটির আটলান্টা চিড়িয়াখানায় দুটি বিশালাকার পান্ডা পাঠানোর ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এক দশকেরও বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে শি জিনপিংয়ের প্রথম এই রাষ্ট্রীয় সফরে এমন প্রতীকী পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সিএনবিসি ও এক্সিওসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে শি জিনপিং জানান, চীনের চেংদুর প্রজনন কেন্দ্র থেকে ‘পিং পিং’ ও ‘ফু শুয়াং’ নামের দুটি পান্ডা শিগগিরই জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা চিড়িয়াখানায় পৌঁছাবে। ওয়াশিংটন সফরকালে তিনি এই পান্ডা দুটিকে দুই দেশের মধ্যকার বন্ধুত্বের দূত হিসেবে আখ্যায়িত করেন। এর আগে ২০২৪ সালে চুক্তি শেষ হওয়ার পর আটলান্টা চিড়িয়াখানার আগের পান্ডাগুলো চীনে ফেরত পাঠানো হয়েছিল। ফলে দীর্ঘদিন পর আবারও মার্কিনিরা চীনা পান্ডার দেখা পেতে যাচ্ছেন। এছাড়া, আগামী পাঁচ বছরে এক লাখ তরুণ আমেরিকান শিক্ষার্থীকে চীনে পড়াশোনার আমন্ত্রণ জানানোর ঘোষণাও দিয়েছেন চীনা প্রেসিডেন্ট।

দুই পরাশক্তির সম্পর্কের ওঠানামার ইতিহাসের সঙ্গে এই পান্ডা আদান-প্রদানের বিষয়টি গভীরভাবে জড়িয়ে আছে। ১৯৭২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ঐতিহাসিক বেইজিং সফরের পর প্রথমবার যুক্তরাষ্ট্রে এক জোড়া পান্ডা উপহার হিসেবে পাঠিয়েছিল চীন। পরবর্তীতে ১৯৮৪ সাল থেকে উপহার দেওয়ার পরিবর্তে নির্দিষ্ট মেয়াদে পান্ডা লিজ বা ভাড়া দেওয়া শুরু করে বেইজিং। বিশ্লেষকদের মতে, বড় ধরনের কোনো নীতিগত ছাড় না দিয়েও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করতে এই চতুর কূটনৈতিক হাতিয়ারটি সফলভাবে ব্যবহার করে আসছে চীন।