১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় অর্থনীতির দেশ হিসেবে পরিচিত ছিল। কিন্তু ২০১৯ সালে গোটাবাইয়া রাজাপাকসে সরকার ক্ষমতায় আসার পর অদূরদর্শী সিদ্ধান্ত ও ভুল নীতির কারণে দেশটি ইতিহাসের ভয়াবহতম অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মুখোমুখি হয়। সরকারের কর কমানোর সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে, যেখানে ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশ করায় সরকারি রাজস্ব উল্লেখযোগ্যভাবে কমে যায়।
একই সময়ে পর্যটননির্ভর অর্থনীতি ২০১৯ সালের ইস্টার হামলা এবং পরবর্তীতে করোনা মহামারির কারণে বড় ধরনের ধাক্কা খায়। এর ফলে পর্যটন আয় ও প্রবাসীদের পাঠানো অর্থ কমে যায়। এর ওপর ২০২১ সালে রাসায়নিক সার ও কীটনাশক আমদানি নিষিদ্ধ করে জৈব কৃষিতে যাওয়ার আকস্মিক সিদ্ধান্ত ধান ও চা উৎপাদন ব্যাহত করে, যা খাদ্য সরবরাহ ও রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব ফেলে।
অবকাঠামো উন্নয়নের নামে বন্দর, বিমানবন্দর ও মহাসড়কের মতো মেগা প্রকল্পগুলোতে বিপুল বৈদেশিক ঋণ নেওয়া হয়। এসব ঋণের কিস্তি ও সুদ পরিশোধের চাপ বাড়তে থাকায় রিজার্ভ দ্রুত কমতে থাকে। ২০২২ সালে পরিস্থিতি চরম আকার ধারণ করে। জ্বালানি, খাদ্য ও ওষুধ আমদানির মতো প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রাও সরকারের হাতে ছিল না। বিদ্যুৎ সংকটে দিনে ১০-১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং শুরু হয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়।
২০২২ সালের এপ্রিলে শ্রীলঙ্কা আনুষ্ঠানিকভাবে নিজেকে দেউলিয়া বা সার্বভৌম ঋণখেলাপি ঘোষণা করে। অর্থনৈতিক দুর্ভোগ থেকে জন্ম নেওয়া ক্ষোভ গণ-অভ্যুত্থানে রূপ নেয়, যা ‘আরাগালায়া’ নামে পরিচিত। এই আন্দোলনের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে দেশ ছাড়তে বাধ্য হন।
দুই বছর পর ২০২৪ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অর্থনীতি পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে বামপন্থি নেতা অনূঢ়া কুমারা দিশানায়েকে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার সরকার রাজস্ব বৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তায় অর্থনীতি স্থিতিশীল করার প্রক্রিয়া শুরু করে। বিশ্বব্যাংকের তথ্যমতে, শ্রীলঙ্কা এখন উচ্চ-মধ্যম আয়ের দেশের শ্রেণিতে উন্নীত হয়েছে। ২০২৫ সালে দেশটির প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৫ শতাংশ, যা বিশ্বব্যাংকের আগের পূর্বাভাসের চেয়েও বেশি।
বিশ্লেষকদের মতে, শ্রীলঙ্কার এই অভিজ্ঞতা বাংলাদেশের জন্য শিক্ষণীয়। রাজস্ব খাতের দুর্বলতা, ঋণ পরিশোধের সক্ষমতা না দেখে মেগা প্রকল্প গ্রহণ এবং আকস্মিক ভুল নীতি অর্থনীতিকে ঝুঁকিতে ফেলে। তাই আর্থিক খাতের সুশাসন ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুরক্ষায় সতর্ক থাকা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি।
বিশ্বব্যাংকের সামপ্রতিক হিসাবে, শ্রীলঙ্কা উচ্চ-মধ্যম আয়ের দেশের শ্রেণিতে উন্নীত হয়েছে। ২০২৫ সালে দেশটির প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৫ শতাংশ, যা ওই বছরের জন্য বিশ্বব্যাংকের আগের ৩.৫ শতাংশ পূর্বাভাসের চেয়েও বেশি। মাথাপিছু মোট জাতীয় আয়ও উচ্চ-মধ্যম আয়ের দেশের নির্ধারিত সীমা অতিক্রম করেছে। অর্থাৎ, তিন বছর আগেও যে দেশটি ঋণখেলাপি হয়ে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ছিল, সংস্কারের মাধ্যমে সেই দেশই এখন ঘুরে দাঁড়ানোর পথে।

