কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফভি ঘোষণা করেছেন, এই প্রণালির ‘পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ’ অব্যাহত রাখবে তেহরান। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স ও তাসনিম নিউজ এজেন্সিতে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফভি বলেন, হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি নির্দিষ্ট কৌশলগত সমঝোতা হয়েছিল। তবে এই যৌথ প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের কারণে কৃত্রিম প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। উল্লেখ্য, জলপথটির নিরাপদ ব্যবস্থাপনা ও জাহাজ চলাচল নিয়ে একটি যৌথ সমাধানে পৌঁছাতে ইরান ও ওমানের মধ্যে ইতিপূর্বে একাধিকবার আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
ইরানের এই জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা পারস্য উপসাগরের সাথে লোহিত সাগর এবং হরমুজ প্রণালির সাথে বাব আল-মান্দেব প্রণালির কৌশলগত ও সামরিক সংযোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মন্তব্য করেন, এই সংযোগ স্থাপিত হলে তা সমগ্র অঞ্চলের যুদ্ধের প্রেক্ষাপটকেই বদলে দিতে পারে। এ সময় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রশংসা করে সাফভি বলেন, হুথিদের নিজস্ব লক্ষ্য ও রণকৌশল রয়েছে। তারা বর্তমানে সামরিক দিক থেকে সম্পূর্ণ স্বাবলম্বী এবং অস্ত্র উৎপাদনেও অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে।
ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়ে সাফভি বলেন, ইরানের ওপর যদি নতুন করে কোনো সামরিক হামলা চালানো হয়, তবে চলমান যুদ্ধের প্রভাব কেবল পারস্য উপসাগর বা লোহিত সাগরেই সীমাবদ্ধ থাকবে না। তা ভারত মহাসাগরসহ আরও দূরবর্তী অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। এদিকে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র মতপার্থক্য চলছে। ইরান যেখানে এই প্রণালির ব্যবস্থাপনায় নিজেদের প্রধান ভূমিকা ধরে রাখতে চায়, সেখানে যুক্তরাষ্ট্র এবং কয়েকটি উপসাগরীয় দেশ তেহরানের এমন কর্তৃত্বের ঘোর বিরোধিতা করে আসছে।

