জাতিসংঘে বাংলাদেশের পুনর্গঠনে ‘থ্রি-আর’ কৌশল তুলে ধরলেন তারেক রহমান

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ৩৮ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ৪৪

নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৫টায় জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই ঐতিহাসিক অধিবেশনে প্রধানমন্ত্রী তার সরকারের নতুন কর্মপরিকল্পনা ও বৈশ্বিক নানা সংকট নিয়ে বক্তব্য রাখেন।

ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী ড. খলিলুর রহমানকে সভাপতি হিসেবে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি একাত্তরের শহীদ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি স্মরণ করেন যে, তার বাবা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও অতীতে এই বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

ফ্যাসিবাদী শাসন ও দীর্ঘ দেড় দশকের শোষণের অবসান ঘটিয়ে ২০২৪ সালে বাংলাদেশ মুক্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশ মেরামতের জন্য পুনরুদ্ধার, পুনর্বহাল এবং পুনর্গঠন—এই তিন ‘আর’ (রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন) কৌশল অনুসরণ করছে। তিনি দেশের গণতন্ত্রকামী জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, একটি সমৃদ্ধ ও কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলাই তাদের লক্ষ্য, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বাঁচবে।

রোহিঙ্গা সংকটের ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ নয় বছর ধরে বাংলাদেশ ১২ লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। সংকটের উৎস যেহেতু মিয়ানমারে, তাই সমাধানও সেখানেই হতে হবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। অন্যথায় এটি ভবিষ্যতে বড় ধরনের মানবিক সংকটে রূপ নিতে পারে বলে সতর্ক করেন তিনি।

বিশ্বশান্তি ও নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ পূর্ণাঙ্গ পরমাণু নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে। ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার এবং স্বাধীন রাষ্ট্র গঠনের দাবির প্রতি বাংলাদেশ অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তিনি ক্লাইমেট জাস্টিস ও অর্থায়নের ওপর জোর দেন। পরিবেশ সুরক্ষায় ২৫ কোটি গাছ লাগানো এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি শুরুসহ তার সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এছাড়া সুন্দরবনের মিঠা পানির প্রবাহ বৃদ্ধি, বৃহৎ জলাধারের মাধ্যমে পানি সংরক্ষণের জন্য তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

প্রযুক্তি ও ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির সুফল যাতে সবার জন্য সমান হয়, সে বিষয়ে জাতিসংঘের একটি কার্যকর নীতিমালা প্রয়োজন। ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড, স্পোর্টস কার্ড এবং ই-হেলথ কার্ডের মতো সরকারের নানা কর্মসূচির কথা উল্লেখ করেন সরকারপ্রধান। তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া ৩১ দফা কর্মসূচি সরকার বাস্তবায়ন করে চলেছে। সবশেষে তিনি ‘সবার আগে বাংলাদেশ-সবার জন্য বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।