গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বরইতলা এলাকার এশিয়ান বাইপাসে রাতের আঁধারে মশাল ও লাঠিসোঁটা নিয়ে একদল মানুষের সন্দেহজনক জমায়েত লক্ষ্য করা গেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে ৮-১০টি প্রাইভেটকার ও ১৫-২০টি মোটরসাইকেল নিয়ে সেখানে লোকজন জড়ো হয়। তাদের কাছে মশাল তৈরির সরঞ্জাম ও লাঠিসোঁটা ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার খবর পাওয়ার পর নাগরী ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। তাদের উপস্থিতি টের পেয়েই জড়ো হওয়া লোকজন দ্রুত এলাকা থেকে সটকে পড়ে। পরে ঘটনাস্থল থেকে ৩০-৩২টি মশাল ও একটি মোটরসাইকেল উদ্ধার করেন বিএনপি নেতাকর্মীরা।
নাগরী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান আকন্দ জানান, রাতের বেলা বিপুলসংখ্যক যানবাহনে এমন জমায়েত এলাকার পরিবেশ নিয়ে শঙ্কা তৈরি করেছিল। বিষয়টি হালকাভাবে না নিয়ে নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেন এবং উদ্ধারকৃত সরঞ্জাম পুলিশের কাছে হস্তান্তর করেন।
নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার বলেন, এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে তারা সতর্ক ছিলেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, কারা এবং কী উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল তা পরিষ্কার হওয়া দরকার। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নৈরাজ্য সৃষ্টির প্রস্তুতি হিসেবে সেখানে জড়ো হয়েছিল, যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফাইজুর রহমান জানান, স্থানীয় নেতাকর্মীরা উদ্ধার করা সরঞ্জাম পুলিশের কাছে হস্তান্তর করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং ঘটনাস্থলের পরিস্থিতি ও উদ্ধার হওয়া আলামত পর্যালোচনা করে জড়ো হওয়া ব্যক্তিদের পরিচয় ও উদ্দেশ্য জানার চেষ্টা চলছে।

