এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের সর্বশেষ ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক সেপ্টেম্বর ২০২৬’ প্রতিবেদনে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন পূর্বাভাস দিয়েছে। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেড়ে ৪ শতাংশে উন্নীত হতে পারে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল ৩.৫ শতাংশ এবং ২০২৫-২৬ অর্থবছরে তা সামান্য বেড়ে ৩.৭ শতাংশ হতে পারে বলে জানিয়েছে এডিবি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটায় ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি কিছুটা মন্থর হয়েছিল। তবে এই প্রভাব সীমিত থাকবে বলে আশা করা হচ্ছে। ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ার পর রাজনৈতিক অনিশ্চয়তা কমে আসায় মানুষের ভোগব্যয় ও বিনিয়োগ বৃদ্ধি পেতে পারে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।
এডিবি’র বাংলাদেশ প্রধান চিংফেং ঝাং জানিয়েছেন, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রাথমিক পর্যায়ে থাকলেও পুনরুদ্ধারের প্রক্রিয়াটি এখনো ঝুঁকিমুক্ত নয়। তিনি বলেন, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, আর্থিক খাত, জ্বালানি নিরাপত্তা এবং ব্যবসার পরিবেশে দ্রুত সংস্কার প্রয়োজন। এই সংস্কারগুলো বাস্তবায়ন করা গেলে বেসরকারি বিনিয়োগ বাড়বে এবং শোভন কর্মসংস্থান সৃষ্টি হবে, যা অর্থনীতিকে আরও মজবুত করবে। এডিবি এই সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
মূল্যস্ফীতির বিষয়ে এডিবি সতর্কবার্তা দিয়ে বলেছে, ২০২৪-২৫ অর্থবছরে ১০ শতাংশ মূল্যস্ফীতির পর ২০২৫-২৬ অর্থবছরে তা কিছুটা কমে ৮.৭ শতাংশে নেমেছিল। কিন্তু ২০২৬-২৭ অর্থবছরে মূল্যস্ফীতি আবার বেড়ে ৯ শতাংশ হওয়ার আশঙ্কা রয়েছে। জ্বালানি সংকট, উৎপাদন ও পরিবহন ব্যয় বৃদ্ধি, জাহাজ চলাচল ব্যাহত হওয়া এবং এল নিনোর প্রভাবে খাদ্যের দাম বেড়ে যাওয়াকে মূল্যস্ফীতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।
বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে এডিবি জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে চলতি হিসাবের ঘাটতি দ্বিগুণ হতে পারে, কারণ রপ্তানির চেয়ে আমদানির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও রেমিট্যান্স প্রবাহ ভালো থাকবে বলে আশা করা হচ্ছে। রিজার্ভ শক্তিশালী করতে পর্যাপ্ত বৈদেশিক অর্থপ্রবাহ এবং মুদ্রা বিনিময় হার বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা জরুরি।
আগামী অর্থবছরে সেবা ও কৃষি খাত প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখলেও শিল্প ও বিনিয়োগ খাতে উচ্চ সুদহার এবং জ্বালানি সংকটের কারণে চাপ অব্যাহত থাকতে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাত, বৈশ্বিক বাণিজ্যে নতুন বিধিনিষেধ, প্রধান রপ্তানি বাজারগুলোতে প্রবৃদ্ধি হ্রাস এবং রাজস্ব সংস্কারে বিলম্ব দেশের অর্থনীতির জন্য বড় ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে।
এডিবি আরও বলেছে, ২০২৬-২৭ অর্থবছরে দেশে চলতি হিসাবের ঘাটতি দ্বিগুণ হতে পারে। রপ্তানির চেয়ে আমদানি বেশি হবে-এ কারণে ঘাটতি বাড়বে। এডিবি’র হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে চলতি হিসাবের ঘাটতি ছিল জিডিপি’র ০.৩ শতাংশ; ২০২৬-২৭ অর্থবছরে তা বেড়ে ০.৬ শতাংশ হতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবাহ ভালো থাকবে বলে মনে করছে এডিবি। প্রবাসী আয় বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হলে বৈদেশিক লেনদেনে স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে। এ জন্য প্রয়োজন হলো, পর্যাপ্ত বৈদেশিক অর্থপ্রবাহ ও মুদ্রা বিনিময় হার বাজারের চাহিদা জোগানের সঙ্গে সমন্বিত রাখা। দরকার সতর্ক সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা।

