বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাতের একটি বিশাল অংশ এখনো মৌলিক বা বেসিক পণ্যের ওপর নির্ভরশীল। টি-শার্ট, প্যান্ট, সোয়েটার, আন্ডারগার্মেন্টস এবং শিশুদের পোশাকের মতো পণ্যের ওপরই দেশের পোশাক রপ্তানি বাণিজ্যের মূল ভিত্তি দাঁড়িয়ে আছে। বিপরীতে বিশ্ববাজারে তুলনামূলকভাবে উচ্চ চাহিদাসম্পন্ন ও বৈচিত্র্যময় পোশাক, যেমন আউটারওয়্যার, ড্রেস, স্পোর্টসওয়্যার, টেকনিক্যাল ওয়্যার এবং স্যুট রপ্তানিতে বাংলাদেশের অংশ এখনো বেশ সীমিত। ২০২৫ সালের পোশাক রপ্তানির তথ্য বিশ্লেষণ করলে এই চিত্র স্পষ্ট হয়ে ওঠে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ প্রায় ৩৮.৮২৫ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। একই সময়ে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) তথ্যমতে, বিশ্ববাজারে পোশাক রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৪২৬ বিলিয়ন ডলার। বাংলাদেশ অ্যাপারেল ভয়েস (বিএভি) ইপিবি ও আইটিসি ট্রেড ম্যাপের তথ্য বিশ্লেষণ করে দেখিয়েছে যে, বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পোশাকের ৭৬.৯৪ শতাংশই বেসিক ক্যাটাগরির পণ্য। অথচ বিশ্বব্যাপী মোট পোশাক বাণিজ্যে এসব মৌলিক পণ্যের অংশ ৬১.৫৮ শতাংশ। অর্থাৎ বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশের পোশাক রপ্তানি বেসিক পণ্যের ওপর প্রায় ১৫ শতাংশীয় পয়েন্ট বেশি নির্ভরশীল।
বাংলাদেশের রপ্তানি ঝুড়িতে সবচেয়ে বড় অংশটি আসে বটমওয়্যার বা প্যান্টজাতীয় পোশাক থেকে, যা মোট রপ্তানির ৩৩.৬৮ শতাংশ। বিশ্ববাজারে বটমওয়্যারের অংশ ২১.৬৮ শতাংশ। একইভাবে টি-শার্টের ক্ষেত্রেও বাংলাদেশ বেশ এগিয়ে; মোট রপ্তানির ১৮.৬৪ শতাংশ আসে এই খাত থেকে, যেখানে বিশ্ববাজারে এর হার ১০.০৯ শতাংশ। তবে ছোট অ্যাক্সেসরিজের ক্ষেত্রে বাংলাদেশ বেশ পিছিয়ে আছে। বিশ্বের পোশাক বাণিজ্যে ছোট অ্যাক্সেসরিজের অংশ প্রায় ৭.৫২ শতাংশ হলেও বাংলাদেশের রপ্তানি ঝুড়িতে এর অংশ মাত্র ০.৩৫ শতাংশ। অর্থাৎ এই খাতে বাংলাদেশের অংশ বিশ্ববাজারের তুলনায় প্রায় ২১ গুণ কম, যা পণ্য বৈচিত্র্যের সীমাবদ্ধতা নির্দেশ করে।
শার্ট ও ব্লাউজের মতো সেমি-বেসিক পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকলেও উচ্চমূল্যের পোশাকের বাজারে বড় ধরনের ঘাটতি রয়েছে। আউটারওয়্যার, ড্রেস, টেকনিক্যাল ওয়্যার, স্পোর্টসওয়্যার ও স্যুট—এই পাঁচ ধরনের উন্নত বা অ্যাডভান্সড ক্যাটাগরির পণ্যের সম্মিলিত অংশ বাংলাদেশের রপ্তানিতে মাত্র ৯.৩৫ শতাংশ। অথচ বিশ্ব পোশাক বাণিজ্যে এসব পণ্যের অবদান ৩০.৪৬ শতাংশ। বিশেষ করে আউটারওয়্যারের ক্ষেত্রে ব্যবধানটি সবচেয়ে বেশি; বিশ্ববাজারে এর হার ১৩.৪৫ শতাংশ হলেও বাংলাদেশে তা মাত্র ৩.৮৩ শতাংশ।
বিজিএমইএ’র সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বলেন, দীর্ঘ সময় ধরে বেসিক পণ্যের ওপর নির্ভরশীলতা আমাদের সক্ষমতা বাড়ালেও বিশ্ববাজারের দ্রুত পরিবর্তনশীল চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলা এখন বড় চ্যালেঞ্জ। তিনি মনে করেন, শুধু পণ্যের পরিমাণ বাড়িয়ে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন। মহিউদ্দিন রুবেল বলেন, আমাদের এখন ‘ভলিউম’ থেকে ‘ভ্যালু’ বা মূল্য সংযোজনের দিকে মনোযোগ দিতে হবে। সিনথেটিক, নন-কটন, টেকনিক্যাল টেক্সটাইল ও বিশেষায়িত পণ্যের উৎপাদন সক্ষমতা বাড়াতে পারলে একই পরিমাণ পণ্য রপ্তানি করেও অধিক আয় করা সম্ভব হবে।
বিশ্লেষণে আরও দেখা গেছে, ইপিবি’র ২-ডিজিট ও ৬-ডিজিট হিসাবের মধ্যে ৩.৩৮ শতাংশ বা প্রায় ১.৩১৩ বিলিয়ন ডলারের একটি ব্যবধান রয়েছে, যা মূলত রাউন্ডিংয়ের সঙ্গে সম্পর্কিত। বিশ্ববাজারের ক্ষেত্রে এই ব্যবধান প্রায় ০.৫৯ শতাংশ।
বেসিক ও উচ্চমূল্যের পণ্যের মাঝামাঝি অবস্থানে রয়েছে শার্ট ও ব্লাউজ। এই ‘সেমি-বেসিক’ ক্যাটাগরির পণ্য বাংলাদেশের মোট পোশাক রপ্তানির ১০.৩৩ শতাংশ। বিশ্ববাজারে এর অংশ ৭.৩৮ শতাংশ। অর্থাৎ এই শ্রেণির পণ্যে বাংলাদেশ বিশ্ববাজারের তুলনায় কিছুটা বেশি নির্ভরশীল। তবে এই অংশটি বেসিক পণ্যের তুলনায় অনেক ছোট।বিজিএমইএ’র সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বলেন, বাংলাদেশের পোশাক রপ্তানি দীর্ঘদিন ধরেই মূলত বেসিক পণ্যের ওপর নির্ভরশীল। টি-শার্ট, প্যান্ট, সোয়েটারসহ এসব পণ্যে আমাদের উৎপাদন সক্ষমতা ও অভিজ্ঞতা অনেক বেশি। কিন্তু বিশ্ববাজারের চাহিদা এখন দ্রুত পরিবর্তন হচ্ছে। ফলে শুধু একই ধরনের পণ্যের পরিমাণ বাড়িয়ে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে। তিনি বলেন, বিশ্ববাজারে আউটারওয়্যার, স্পোর্টসওয়্যার, টেকনিক্যাল ওয়্যার, ড্রেস ও অন্যান্য উচ্চমূল্যের পণ্যের বড় বাজার রয়েছে। কিন্তু বাংলাদেশের রপ্তানি ঝুড়িতে এসব পণ্যের অংশ এখনো তুলনামূলকভাবে কম। এর অর্থ হলো, আমাদের সামনে শুধু চ্যালেঞ্জ নয়, বড় একটি সুযোগও রয়েছে। বিশ্ববাজারে যে জায়গাটি আমরা এখনো দখল করতে পারিনি, সেটিই ভবিষ্যৎ প্রবৃদ্ধির অন্যতম ক্ষেত্র হতে পারে।

