নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ভারত সরকার সিয়ামের নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে এবং ই-মেইল বার্তার মাধ্যমে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী অক্টোবরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহের সুবিধাজনক সময়ে তিনি দিল্লিতে গিয়ে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন।
বর্তমান হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর মেয়াদ আগামী ১০ই অক্টোবর শেষ হচ্ছে। এরপর তিনি জেনেভায় জাতিসংঘ দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দেবেন। রিয়াজ হামিদুল্লাহ গত বছরের ৭ই এপ্রিল দিল্লিতে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পান এবং ২৯শে মে থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন।
নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে জানা যায়, গত জুলাই মাসে সিয়ামকে দিল্লিতে হাইকমিশনার নিয়োগের জন্য ভারত সরকারের কাছে এগ্রিমো চেয়েছিল ঢাকা। প্রায় তিন মাস পর ভারত এ নিয়োগে সম্মতি প্রদান করে। ভিয়েনা কনভেনশনের নিয়ম অনুযায়ী, কোনো দেশ এগ্রিমো অনুমোদনে বা নিয়োগে সম্মতি প্রদানে বাধ্য নয়।
বর্তমানে আসাদ আলম সিয়াম প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্কে অবস্থান করছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে আগামী ২৭শে সেপ্টেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে। ঢাকায় ফিরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন।
আসাদ আলম সিয়াম ২০২৫ সালের ২০শে জুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯৫ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া সিয়ামের প্রায় তিন দশকের দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ার রয়েছে। পররাষ্ট্র সচিব হওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া গায়ানায় বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত এবং বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন তিনি। ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং হাঙ্গেরি ও স্লোভেনিয়ায় অনাবাসিক রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি ভিয়েনায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও ওপেক ফান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন তিনি।
সিয়াম ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন এবং ওই সময় পালাউয়ে অনাবাসিক রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক ও আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। কর্মজীবনে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক, প্রধান প্রটোকল কর্মকর্তা, মিশনগুলোর মহাপরিদর্শক এবং ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাকার্তা, ব্যাংকক ও ম্যানচেস্টারে মিশন পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল হিসেবেও কাজ করেছেন তিনি।

