প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ এএম। মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অঞ্চলকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘জঘন্য ও অপরাধমূলক উপস্থিতি’ থেকে মুক্ত করা জরুরি।
অন্যদিকে, জাতিসংঘের মার্কিন দূত মাইক ওয়াল্টজ জানিয়েছেন, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ। তবে তিনি এও উল্লেখ করেছেন যে, ইরান যদি আন্তরিকভাবে আলোচনায় ফিরতে চায়, তবে তাদের জন্য এখনো ‘আলোচনার টেবিলে’ ফেরার পথ খোলা রয়েছে।
আঞ্চলিক পরিস্থিতির ওপর প্রভাব নিয়ে ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি মার্কিন গণমাধ্যমকে জানিয়েছেন, ইরান হরমুজ প্রণালি দিয়ে ইরাকি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দিচ্ছে না। যুদ্ধ শুরুর পর থেকে ইরাক প্রায় ৬০ বিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছে এবং দেশটির মাসিক রপ্তানি আয় প্রায় ৬০ শতাংশ হ্রাস পেয়েছে।
এদিকে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ঘোষণা দিয়েছেন যে, বুধবারের মধ্যে বিশ্বজুড়ে ইরানের সব বিমান সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তবে এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই ইরানের রাষ্ট্রীয় বিমান সংস্থা ‘ইরান এয়ার’ জানিয়েছে, তেহরান, মাশহাদ ও ইসফাহান থেকে ইরাকের নাজাফে তাদের ফ্লাইট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে বিমান চলাচল খাতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

