জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাস ভাড়া নিয়ে যাত্রী-কন্ডাক্টরদের বচসা

রাজধানীর মতিঝিল থেকে গুলিস্তান-গাবতলী রুটে চলাচলকারী ৮ নম্বর বাসে ভাড়া নিয়ে এক যাত্রী ও কন্ডাক্টরের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হাতাহাতির উপক্রম হয়েছে। মহিউদ্দিন নামে এক বেসরকারি চাকুরে মতিঝিল থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত আধা কিলোমিটার পথের জন্য ১০ টাকার পরিবর্তে ১৫ টাকা ভাড়া দাবি করায় এই ঝামেলার সূত্রপাত হয়। কন্ডাক্টরের দাবি ছিল, এখন থেকে সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা। একপর্যায়ে ওই যাত্রী ক্ষুব্ধ হয়ে ৫ টাকা কন্ডাক্টরের দিকে ছুড়ে মারেন।

রোববার রাত থেকে সরকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে। যদিও মালিক সমিতি এখনো ভাড়া বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবুও সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গণপরিবহন ও দূরপাল্লার বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ইব্রাহিম খলিল নামের আরেক যাত্রী জানান, প্রতিদিন ১০০ টাকা ভাড়ার পরিবর্তে ইকবাল পরিবহনের এসি বাসে তার কাছ থেকে ১২০ টাকা রাখা হয়েছে। যাত্রীরা অভিযোগ করছেন, কিলোমিটার প্রতি ভাড়া সমন্বয়ের কথা থাকলেও কন্ডাক্টররা ইচ্ছামতো ভাড়া আদায় করছেন।

দূরপাল্লার বাসের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। গাবতলী টার্মিনালের বিভিন্ন কাউন্টারে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেয়া হচ্ছে। দক্ষিণাঞ্চলের রুটে চলাচলকারী বাস মালিকরা যাত্রীপ্রতি ৫০ টাকা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন। যদিও পূর্বাশা পরিবহনের সহকারী মো. ইলিয়াস বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন, সরকার নতুন চার্ট দিলেই তারা ভাড়া বাড়াবেন। তবে অরিন পরিবহনের যাত্রী মো. রিয়াদুর রহমান জানান, ব্যবসার কাজে প্রায়ই রংপুরে যাতায়াত করতে হয়। কয়েকদিন আগেও ৮০০ টাকায় টিকিট কেটে যাতায়াত করেছি, কিন্তু আজ ৯০০ টাকায় টিকিট কিনতে হয়েছে।

বর্তমানে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। পরিবহন মালিক সমিতি কিলোমিটারপ্রতি ২০ পয়সা করে ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এবার ২০ পয়সা বাড়ালে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া দাঁড়াচ্ছে ২ টাকা ৪৩ পয়সা। তাহলে প্রতি ১০০ কিলোমিটারে ভাড়া ২৪৩ টাকা আসছে। নতুন প্রস্তাব অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭৩ পয়সা এবং ঢাকা ও ঢাকার আশপাশের ক্ষেত্রে ২ টাকা ৪৩ পয়সা থেকে ২ টাকা ৬৩ পয়সা হতে পারে।

জ্বালানি তেলের দাম বাড়ার পর ভাড়া পুনর্নির্ধারণের লক্ষ্যে সোমবার বনানীতে বিআরটিএ কার্যালয়ে মালিক সমিতির সঙ্গে জরুরি বৈঠক হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম জানান, তারা ভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব দিয়েছেন এবং বিআরটিএ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিচ্ছিন্নভাবে কেউ ভাড়া বাড়িয়ে থাকলে তা নিয়মের বাইরে বলে তিনি উল্লেখ করেন।