নতুন ভাঁজ করা আইফোন ডুওতে থাকছে বিশেষ কিছু সুবিধা

অ্যাপল অবশেষে তাদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। আইফোন ডুও নামের এই নতুন ফোনটি চলতি বছরের অক্টোবরে বাজারে আসার কথা রয়েছে। কেবল ভাঁজযোগ্য নকশাই নয়, সাধারণ আইফোন মডেলের চেয়ে এই ফোনে বেশ কিছু বাড়তি সফটওয়্যার ও ক্যামেরা সুবিধা যোগ করা হয়েছে।

আইফোন ডুওতে আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহার করা হলেও বড় পর্দার সুবিধা কাজে লাগাতে এর কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রথমবারের মতো কোনো আইফোনে অ্যাপল পেন্সিল ব্যবহারের সুযোগ থাকছে। এছাড়া আইপ্যাডের মতো একই সময়ে দুটি অ্যাপ পাশাপাশি চালানোর সুবিধা যোগ করা হয়েছে। যদিও এতে আইপ্যাডের মতো স্টেজ ম্যানেজারের সব সুবিধা নেই, তবে ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী দুটি অ্যাপ একই সাথে ব্যবহার করতে পারবেন।

নতুন এই ফোনের ইন্টারফেসেও আনা হয়েছে বড় পরিবর্তন। ব্যবহারকারী চাইলে পর্দার এক পাশে অ্যাপ চালু রেখে অন্য পাশে হোম স্ক্রিন দেখতে পারবেন। স্ট্যাটাস বারের অবস্থান পর্দার ওপরের দিক থেকে পরিবর্তন করে ডান পাশে নিয়ে আসা হয়েছে, যেখানে মোবাইল নেটওয়ার্ক, ওয়াই-ফাই ও ব্যাটারির তথ্য থাকবে। এছাড়া ডক ও ডায়নামিক আইল্যান্ডও একই পাশে অবস্থান করবে। ফোনটি অর্ধেক ভাঁজ করলে এটি ল্যাপটপের মতো কাজ করবে; তখন নিচের অংশে কিবোর্ড এবং ওপরের অংশে অ্যাপের কনটেন্ট দেখা যাবে। টেবিলের ওপর ফোন রেখে ভিডিও দেখার সময় এটি টেন্ট মোডে ব্যবহার করা সম্ভব এবং অ্যালার্ম বাজলে ভেতরের পর্দায় আলো জ্বলে উঠবে।

ক্যামেরার ক্ষেত্রেও আইফোন ডুওতে যুক্ত হয়েছে নতুন প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ‘স্মার্ট টেক’ ফিচারের মাধ্যমে কোনো বোতাম না চেপেই ছবি তোলা যাবে। বাইরের পর্দাকে লাইভ ক্যামেরা প্রিভিউ হিসেবে ব্যবহার করে পেছনের ক্যামেরা দিয়ে নিজের ছবি বা ভিডিও ধারণ করা সম্ভব। শিশুদের ছবি তোলার জন্য এতে রয়েছে ‘কিড কিউ’ মোড, যা বাইরের পর্দায় স্নুপি অ্যানিমেশন প্রদর্শন করবে। ফেসটাইমের সময় সামনের ও পেছনের ক্যামেরা একসঙ্গে ব্যবহার করার সুবিধাও থাকছে। তবে আইফোন ১৮ প্রোর সব ক্যামেরা সুবিধা, যেমন পরিবর্তনশীল অ্যাপারচার লেন্স বা পেশাদার নিয়ন্ত্রণ ব্যবস্থা এতে থাকছে না।

আইওএস ৪ থেকেই আইফোনে একাধিক অ্যাপ চালু রাখার সুবিধা রয়েছে। তবে এতদিন আইপ্যাডের মতো একই সময়ে দুটি অ্যাপ পাশাপাশি ব্যবহারের সুযোগ ছিল না। আইফোন ডুওতে প্রথমবারের মতো সেই সুবিধা যুক্ত হয়েছে।