মাদকদ্রব্য পরিহার ও কিশোর গ্যাং নির্মূলের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে ভোলায় জেলা পর্যায়ে ১ম কমিউনিটি পুলিশিং অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়ানশিপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ভোলা পুলিশ লাইন্স মাঠে জমজমাট এই প্রতিযোগিতার সমাপনী ম্যাচে নারী ও পুরুষ উভয় বিভাগেই যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভোলা সদর মডেল থানা।
টানটান উত্তেজনায় ঠাসা নারীদের ফাইনালে ভোলা সদর দল ২৬ পয়েন্টের বড় ব্যবধানে বোরহানউদ্দিন থানা দলকে পরাজিত করে। এই ম্যাচে ভোলা সদর মডেল থানা নারী দলের সংগ্রহ ছিল ৪৩ পয়েন্ট এবং বোরহানউদ্দিন থানা নারী দল অর্জন করে ১৭ পয়েন্ট। অন্যদিকে, পুরুষদের ফাইনালেও দেখা গেছে একই চিত্র। সেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর মাত্র ৬ পয়েন্টের ব্যবধানে বোরহানউদ্দিন থানাকে হারিয়েছে ভোলা সদর দল। এই ম্যাচে ভোলা সদর মডেল থানার পয়েন্ট ছিল ৪১ এবং বোরহানউদ্দিন থানার পয়েন্ট ছিল ৩৫।
ভোলা জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে জেলার ৭টি থানার অনূর্ধ্ব-২০ নারী ও পুরুষ কাবাডি দল অংশ নেয়। ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
পুরস্কার বিতরণকালে পুলিশ সুপার বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে মাদক ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এই আয়োজনের মূল লক্ষ্য। এর মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে। তিনি আরও জানান, এই প্রতিযোগিতা থেকে জেলার বিভিন্ন উপজেলার মেধাবী ও সম্ভাবনাময় অনূর্ধ্ব-২০ খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হবে, যারা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের খেলায় অংশ নেবেন। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে বাংলাদেশ পুলিশের এই বিশেষ আয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহসানুজ্জামান, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবীর সোপান, বিএনপির কার্যনিবাহী কমিটির সদস্য ও ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু, অমৃতালোকের সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন এবং অধ্যক্ষ খালেদা খানম। ফাইনাল খেলাটিতে ধারাভাষ্য প্রদান করেন তালহা তালুকদার বাঁধন ও সজিব তালুকদার।

