রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশের নিরাপত্তায় হাজতখানা থেকে বের করে সিঁড়ি দিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের পঞ্চম তলায় ৮ নম্বর আদালতের কাঠগড়ায় ওঠানো হয় তাঁদের। বেলা ৩টা ১২ মিনিটে পুলিশ হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট খুলে দেয়। বেলা ৩টা ১৪ মিনিটে বিচারক এজলাসে আসেন। আদালতে উপস্থিত সবাইকে শান্ত হওয়ার নির্দেশ দিয়ে ৩টা ১৫ মিনিটে শুনানি শুরু করেন। এ সময় প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার নম্বরসহ আসামি গাজী নজরুল (৭৫) ও তাঁর স্ত্রী মাকছুদার (৬৫) নাম বলতেই গাজী নজরুল মাথা নিচু করেন। শুনানি শেষে বেলা ৩টা ৩১ মিনিটে গাজী নজরুলের চার দিন এবং তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত। পরে বেলা ৩টা ৩৪ মিনিটে নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে নিচে নামান পুলিশ সদস্যরা।
তদন্ত কর্মকর্তা শেরেবাংলা থানার এসআই শামসুজ্জোহা সরকার জানান, মরিয়ম খাতুন মারা যাওয়ার সময় তাঁরা একই বাসায় ছিলেন, তাই ঘটনার নেপথ্যে তাঁদের প্রভাব খতিয়ে দেখা প্রয়োজন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী অভিযোগ করেন, বিয়ের পর থেকেই স্বামী ও প্রথম স্ত্রী মিলে মরিয়মকে মানসিকভাবে নির্যাতন করতেন, যা তাঁর মৃত্যুর আগে লেখা চিরকুটে উঠে এসেছে। আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন এবং দাবি করেন যে, তাঁর মক্কেল একজন বীর মুক্তিযোদ্ধা ও বয়স্ক মানুষ, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।
আদালতের আদেশের পর কাঠগড়া থেকে নামানোর সময় গাজী নজরুল দাবি করেন, ‘ঘটনার সময় আমি বাসায় ছিলাম না।’ মরিয়ম কেন আত্মহত্যা করেছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি জানি না।’ এর আগে রোববার বিকেলের দিকে ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর ঘটনায় মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় এই দম্পতির পাশাপাশি নজরুলের সাবেক গাড়িচালক ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকেও আসামি করা হয়েছে, যিনি বর্তমানে পলাতক।

