তেহরানে ফের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের

ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র আবারও তেহরানে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। দেশটির সশস্ত্র বাহিনীর কার্যক্রম তদারককারী প্রতিষ্ঠান 'খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স' এই তথ্য প্রকাশ করেছে।

খাতাম আল-আনবিয়া জানিয়েছে, গত কয়েক মাস ধরে সরাসরি হামলা কিছুটা কমে এলেও যুক্তরাষ্ট্র বর্তমানে নতুন করে হামলার পরিকল্পনা করছে বলে তারা তথ্য পেয়েছে। এ বিষয়ে রোববার ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়েছে।

বিবৃতিতে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো হামলা চালায়, তবে ইরান তার যথাযথ পাল্টা জবাব দেবে। এছাড়া যেসব দেশ তাদের ভূখণ্ড বা স্থাপনা ব্যবহার করে মার্কিন হামলাকে সহায়তা করবে, তাদেরও এই কর্মকাণ্ডের 'সহযোগী' হিসেবে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে, এই উত্তেজনার মধ্যেই ইরানের ওপর নিয়মিত বিরতিতে নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রেখেছে ওয়াশিংটন। সর্বশেষ গত বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর (ওএফএসি) ইরানি অর্থায়নকারী বাবাক জাঞ্জানির নিয়ন্ত্রণাধীন ডিজিটাল সম্পদ প্রতিষ্ঠান বিটব্যাংককে নতুন করে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছে।