বিশ্ববাজারে তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১০১ ডলারে

সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। ইরান-সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরও সৌদি আরব থেকে তেল সরবরাহ স্বাভাবিক থাকার সম্ভাবনা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে, যার ফলে তেলের দরপতন ঘটেছে।

আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের নভেম্বর মাসের ফিউচার দর ২ দশমিক ১১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৬৮ ডলারে নেমেছে। এর আগে ১৫ সেপ্টেম্বর তেলের দাম ১০৯ ডলারে উঠেছিল। একই সঙ্গে অক্টোবর মাসের জন্য যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের ফিউচার দর ২ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১৯ ডলারে নেমেছে।

জেপি মরগ্যানের বিশ্লেষকেরা ১৮ সেপ্টেম্বর এক নোটে জানিয়েছেন, সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দিয়ে তেল পরিবহনে বিঘ্ন ঘটলেও মধ্যপ্রাচ্য থেকে বেশ ভালো পরিমাণে তেল সরবরাহ হচ্ছে। গত ১০ দিনে দৈনিক গড়ে ১ কোটি ৭১ লাখ ব্যারেল তেল সরবরাহ করা হয়েছে, যা ২০২৫ সালের গড়ের তুলনায় দৈনিক ৬১ লাখ ব্যারেল কম।

তবে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের বিষয়ে অদূর ভবিষ্যতে বড় কোনো সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন। স্কাই লিংকস ক্যাপিটাল গ্রুপের প্রধান নির্বাহী ড্যানিয়েল তাকিয়েদ্দিনের মতে, রপ্তানি স্বাভাবিক হওয়া এবং কূটনৈতিক অগ্রগতির ওপরই তেলের দামের ভবিষ্যৎ নির্ভর করছে।

গত ৯ সেপ্টেম্বর ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের তীব্রতা বাড়লে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়। এর মধ্যে ১৫ সেপ্টেম্বর ব্রেন্ট ক্রুডের দাম ১০৯ ডলারে পৌঁছালেও ১৬ সেপ্টেম্বর তা ১০৪ ডলারে নেমে আসে। চলতি বছরের ১ মার্চ ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৭২ ডলার, যা ৩০ এপ্রিল সর্বোচ্চ ১২৬ ডলার পর্যন্ত উঠেছিল।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও তেলের দাম প্রত্যাশা অনুযায়ী না বাড়ার মূল কারণ হলো চাহিদা কমে যাওয়া। রিস্টাডের তথ্য অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে বিশ্বে দৈনিক তেলের চাহিদা ৩৫ লাখ ব্যারেল কমেছে, যার অর্ধেকের বেশি চীনের ক্ষেত্রে। চীনে বৈদ্যুতিক গাড়ি ও কয়লাভিত্তিক রাসায়নিক শিল্পের প্রসারের ফলে জ্বালানি তেলের চাহিদা হ্রাস পাচ্ছে।