সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার (মাঝপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ২০৩ বোতল বিদেশি মদসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন নওধার (মাঝপাড়া) গ্রামের মৃত আব্দুল মছব্বিরের ছেলে আব্দুল হক (৫০) এবং তার স্ত্রী মোছা. রুজি বেগম (৩৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আব্দুল হকের বাড়িতে তল্লাশি চালায়। প্রাথমিক পর্যায়ে বসতঘরের শোয়ার কক্ষে খাটের নিচে প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় ৫০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসময় আব্দুল হক ও তার স্ত্রী রুজি বেগমকে আটক করা হয়।
পরবর্তীতে আটক দম্পতির দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পুকুরপাড়ের উত্তর-পূর্ব কোণের বাঁশঝাড়ে মাটির নিচে সুকৌশলে পুঁতে রাখা আরও ১৫৩ বোতল মদ জব্দ করে পুলিশ। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুর রহমান জানান, আটক দম্পতির বিরুদ্ধে ইতিপূর্বে কোনো ফৌজদারি বা মাদক মামলা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।

