মহাসড়কের ২৪টি ট্রমা সেন্টার আধুনিকায়নে নতুন পরিকল্পনা

দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর পাশে দীর্ঘ সময় ধরে পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এই কেন্দ্রগুলোকে আধুনিকায়ন করে নতুনভাবে ‘অ্যাকসিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট সেন্টার’ নামে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দেশজুড়ে ২৪ ঘণ্টার একটি সমন্বিত অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক চালুরও পরিকল্পনা করা হয়েছে।

গত ১২ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কেন্দ্রগুলো চালুর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, বিদ্যমান ট্রমা সেন্টারগুলোর নাম পরিবর্তন করে ‘অ্যাকসিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট সেন্টার’ রাখা হবে। এছাড়া সড়ক ও মহাসড়ক বিভাগের সঙ্গে সমন্বয় করে মহাসড়কের পাশে খালি জায়গায় প্রকল্পের মাধ্যমে নতুন করে এই কেন্দ্রগুলো প্রতিষ্ঠা করা হবে।

প্রধানমন্ত্রী বৈঠকে আরও নির্দেশনা দিয়েছেন যে, স্বাস্থ্য সেবা বিভাগের অনুমোদিত বাজেট থেকেই এসব সেন্টারের জন্য প্রয়োজনীয় এক্স-রে মেশিন, অ্যাম্বুলেন্স ও অন্যান্য চিকিৎসা সরঞ্জামের সংস্থান করতে হবে। সেই সঙ্গে চিকিৎসক, নার্স ও অন্যান্য লজিস্টিকস নিশ্চিত করে পর্যায়ক্রমে সবকটি কেন্দ্রেই চিকিৎসাসেবা শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য যে, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দুর্ঘটনাস্থলের কাছাকাছি দ্রুত জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই ২০০৪-০৫ অর্থবছরে ১০টি এবং ২০১০ সালে আরও ১৪টি ট্রমা সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। মূলত মাথা, বুক, মেরুদণ্ড ও হাড়ের গুরুতর আঘাত পাওয়া রোগীদের তাৎক্ষণিক সেবা দেওয়াই ছিল এর মূল উদ্দেশ্য। প্রতিটি কেন্দ্রে ২০ শয্যার আইসিইউ ও ৪০ শয্যার আইসোলেশন সেন্টারসহ তিন তলা ভবন নির্মাণের পরিকল্পনা ছিল।

তবে জনবল, চিকিৎসা সরঞ্জাম ও প্রশাসনিক অনুমোদনের অভাবে দীর্ঘদিন ধরে কেন্দ্রগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জ সদরের মুলিবাড়ি ট্রমা সেন্টারটি প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালে নির্মিত হলেও ছয় বছর ধরে অব্যবহৃত ছিল, যা গত কোরবানির ঈদের সময় মাত্র ১৪ দিনের জন্য অস্থায়ীভাবে চালু করা হয়েছিল। এছাড়া পাবনার আটঘরিয়া, বগুড়ার শেরপুর, সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া, কিশোরগঞ্জের ভৈরব, গোপালগঞ্জ সদর, মাদারীপুরের শিবচর, মানিকগঞ্জের শিবালয়, শরীয়তপুরের জাজিরা, ফরিদপুরের ভাঙ্গা, মুন্সিগঞ্জের শ্রীনগর, ঢাকার ধামরাই, টাঙ্গাইলের এলেঙ্গা, চট্টগ্রামের লোহাগাড়া, হাটহাজারী ও রাউজান, কুমিল্লার দাউদকান্দি, ময়মনসিংহের ভালুকা, সুনামগঞ্জের ছাতক এবং হবিগঞ্জের বাহুবলসহ দেশের বিভিন্ন স্থানে এসব কেন্দ্র অবস্থিত।

মূল পরিকল্পনা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে ১৪ জন চিকিৎসক, ১০ জন নার্সসহ প্রয়োজনীয় টেকনিশিয়ান থাকার কথা থাকলেও বাস্তবে জনবল কাঠামো অনুযায়ী নিয়োগ দেওয়া হয়নি। এ বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানান, মহাসড়ককেন্দ্রিক এই ২৪টি ট্রমা সেন্টারকে খুব দ্রুত ‘অ্যাকসিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সেন্টার’ হিসেবে রূপান্তর করা হবে। তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় দ্রুত জরুরি সেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মাধ্যমে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে, যা ভবিষ্যতে নিয়মিত স্বাস্থ্য ব্যবস্থার একটি টেকসই অংশ হিসেবে পরিচালিত হবে।