রাজধানীর সরকারি তিতুমীর কলেজের এক অসুস্থ ছাত্রীর চিকিৎসার তহবিল জোগাতে নিজের অত্যন্ত শখের এক জোড়া দুর্লভ প্রজাতির কবুতর বিক্রি করেছেন তাঁর শিক্ষক। কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল হামিদ কবুতর দুটি নিলামে তুলে ৭০ হাজার টাকায় বিক্রি করেছেন।
চিকিৎসাধীন ওই ছাত্রীর নাম সাদিয়া আয়াত। তিনি তিতুমীর কলেজের রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। দুই কিডনি বিকল হওয়ায় প্রায় দেড় মাস ধরে রাজধানীর শ্যামলীর কিডনি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, সাদিয়ার প্রাণ বাঁচাতে তাঁর দুটি কিডনিই প্রতিস্থাপন করতে হবে।
এর আগে, গত ৩০ আগস্ট সাদিয়ার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার অনুরোধ জানিয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের কাছে একটি লিখিত আবেদন করেন। এরপর ১০ সেপ্টেম্বর শিক্ষক আব্দুল হামিদ তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে শখের কবুতর জোড়া বিক্রির ঘোষণা দিয়ে পোস্ট দেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত ফতুল্লা পিজিয়ন ফেন্সিয়ার ক্লাবের ফেসবুক গ্রুপে কবুতর জোড়াটির নিলাম অনুষ্ঠিত হয়। এতে কবুতরপ্রেমীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং সর্বোচ্চ ৭০ হাজার টাকা দাম দিয়ে কবুতর জোড়াটি কিনে নেন রাসেল রানা নামে এক ক্রেতা।
নিলামের আগে দেওয়া এক ফেসবুক পোস্টে আব্দুল হামিদ লিখেছিলেন, যা কিছু দুর্লভ সেটাই দামী। এটি তাঁর বহু শখের জিনিস। এ দুটি বিক্রি করে সাদিয়ার কিডনি প্রতিস্থাপনে যদি কিছুটা কাজে আসে, তবেই তাঁর সার্থকতা। মেয়েটির জন্য বড় কিছু করতে না পারার আক্ষেপ প্রকাশ করে তিনি সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।
কবুতর জোড়া বিক্রি হওয়ায় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানান এই শিক্ষক। তবে নিলামে একজন ভুয়া দরদাতা বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করে তাঁর হেদায়েত কামনা করেন তিনি। আব্দুল হামিদ বলেন, নিজের সীমাবদ্ধতা থেকে সাদিয়ার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। এতে মেয়েটির সামান্যতম উপকার হলেও তাঁর মন শান্তি পাবে। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও সাদিয়ার চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

