সিরাজগঞ্জে সবুজে ভরেছে মাসকালাইয়ের মাঠ, বাম্পার ফলনের আশা

সিরাজগঞ্জের চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় আগাম জাতের মাসকালাই চাষে বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষকেরা। ইতিমধ্যে বিস্তীর্ণ ফসলের মাঠ সবুজে ছেয়ে গেছে, যা চাষিদের মনে নতুন আশার সঞ্চার করেছে। কম খরচে অধিক লাভের সুযোগ থাকায় প্রতি বছরের মতো এবারও এই অঞ্চলের কৃষকেরা মাসকালাই চাষে ব্যাপকভাবে ঝুঁকে পড়েছেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে মোট ৬ হাজার ৮৫০ হেক্টর জমিতে মাসকালাই চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ইতিমধ্যে প্রায় ৫ হাজার হেক্টর জমিতে এই ডালজাতীয় শস্যের আবাদ সম্পন্ন হয়েছে। প্রায় দেড় থেকে দুই মাস আগে থেকেই চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় আগাম জাতের মাসকালাই চাষ শুরু হয়। চাষকৃত জাতগুলোর মধ্যে রয়েছে বারি-৩, ৪ ও ৬ এবং বিনা-১। এর আগে গত আগস্ট মাসে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারিভাবে বারি-৩ জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছিল।

স্থানীয় চাষিরা জানান, সাধারণত খাল, বিল, নদীর পাড়, বাড়ির আঙিনা এবং পতিত জমিতে মাসকালাইয়ের চাষ করা হয়। বিশেষ করে চরাঞ্চলে উৎপাদিত দেশি মাসকালাই গরুর খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়। তবে বারি-৩ জাতের মাসকালাই আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কাটা ও মাড়াই শুরু হবে। বাজারে নতুন মাসকালাই ডালের ব্যাপক চাহিদা থাকায় এবং স্থানীয় হাট-বাজার থেকে পাইকারি ব্যবসায়ীরা এগুলো কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করায় ভালো দাম পাওয়ার আশা করছেন কৃষকেরা।

তবে চলতি মৌসুমে ভারী বর্ষণের কারণে চরাঞ্চলসহ বেশ কিছু নিচু এলাকার মাসকালাই ক্ষেত নষ্ট হয়ে গিয়েছিল। সেই ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকেরা আবারও নতুন করে বীজ বপন করেছেন। আগামী মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কৃষকেরা মাসকালাই (কাতিকালাই) বীজ বপন করতে পারবেন বলে জানা গেছে। বিশেষ করে শাহজাদপুর, উল্লাপাড়া, চৌহালী, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলগুলোতে এবার সবচেয়ে বেশি মাসকালাইয়ের চাষাবাদ হয়েছে।

এ বিষয়ে কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক জেরিন আহম্মেদ জানান, কৃষকদের কম খরচে অধিক লাভজনক এই আগাম জাতের মাসকালাই চাষের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় এবার ব্যাপক চাষাবাদ হয়েছে। বিগত বছরগুলোর মতো এবারও মাসকালাইয়ের বাম্পার ফলন হবে এবং কৃষকেরা লাভবান হয়ে হাসিমুখে ঘরে ফিরবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।