বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সাগরে চলাচলে নিষেধাজ্ঞা

২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভোর ০৫:৩৭ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠার আশঙ্কায় একটি সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ নাজমুল হকের সই করা এই সতর্কবার্তায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এখনও কোনো সতর্কবার্তা বা সংকেত দেওয়া হয়নি বলে জানিয়েছেন সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত রবিবার বেলা ৩টায় সুস্পষ্ট লঘুচাপটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সিস্টেমটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্র উপকূলের দিকে ধাবিত হচ্ছে। এটি শেষ পর্যন্ত কতটা শক্তিশালী হবে বা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ভারত এই পরিস্থিতি নিয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছে।

আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, গাণিতিক মডেল অনুযায়ী লঘুচাপটির সরাসরি বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা কম, কারণ এর গতিপথ ভারতের দিকে। তবে প্রাকৃতিক বিষয় হওয়ায় একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সোমবারের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হলে পরিস্থিতি আরও স্পষ্ট হবে। যদি এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে ওড়িশা উপকূলের কাছাকাছি তৈরি হয়ে ভারতেই আঘাত হানতে পারে। বাংলাদেশে সরাসরি আঘাত না হানলেও এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে।

দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি প্রসঙ্গে নাজমুল হক জানান, কোনো সিস্টেম ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা দেখা দিলে আবহাওয়া দপ্তর সরাসরি ৪ নম্বর সতর্কবার্তা জারি করে। এরপর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, আন্তঃমন্ত্রণালয় ও উপকূলীয় জেলা প্রশাসকদের নিয়ে জরুরি সভা ডেকে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

এদিকে, রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে সর্বোচ্চ ১১৬ মিলিমিটার এবং ঢাকায় ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার ভোর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ ঝুম বৃষ্টি নামে, যা টানা গরম থেকে নগরবাসীকে স্বস্তি দিলেও জলাবদ্ধতার কারণে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তি বাড়িয়েছে। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, বর্তমানে বাংলাদেশে মৌসুমি বায়ু কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর বিদায়ের সময় আসন্ন হওয়ায় সাধারণত স্থানীয় পর্যায়ে হঠাৎ এ ধরনের ঝুম বৃষ্টি হয়ে থাকে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। মঙ্গলবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এরপর বুধ ও বৃহস্পতিবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ জায়গায় ভারী বর্ষণসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে। শুক্রবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি হলেও পরবর্তী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে।