প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ এএম (21 September 2026, 02:56 AM)
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয় স্টেশন এলাকা। মারধরের প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেলস্টেশন, রেলওয়ে থানা এবং নিরাপত্তা বাহিনীর কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মারধরের এই ঘটনা ঘটে এবং পরবর্তীতে রাত ১২টা থেকে দেড়টা পর্যন্ত দফায় দফায় ভাঙচুর চালানো হয়। এই ঘটনার জেরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
মারধরের শিকার শিক্ষার্থীর নাম আইয়ুব আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, আইয়ুব আলী তার চাচাকে এগিয়ে নিতে রেলস্টেশনে গিয়েছিলেন। ওই সময় স্টেশনে রাবির ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর সঙ্গে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তাকর্মীদের কথা কাটাকাটি হচ্ছিল। আইয়ুব সেখানে গিয়ে ওই দুই শিক্ষার্থীর পক্ষে কথা বললে ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করেন নিরাপত্তাকর্মীরা।
আইয়ুবের সহপাঠী মোহাম্মদ মিজান জানান, রেলস্টেশনে রাবির কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে রেল কর্মচারীদের বাকবিতণ্ডা চলার সময় আইয়ুব তাদের হয়ে কথা বলতে গেলে তাকে নির্মমভাবে পেটানো হয়। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা। এর ফলে রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনটি হরিয়ান এলাকায় আটকা পড়ে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইন ধরে মিছিল নিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের দিকে অগ্রসর হন।
রাত ১২টার দিকে স্টেশনে পৌঁছে শিক্ষার্থীরা চড়াও হন। তারা বাঁশ, লাঠি, গাছের ডাল ও ইট-পাটকেল দিয়ে স্টেশনের কাচের জানালা, ডাস্টবিন, বিভিন্ন দোকানপাট, কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ, সাইনবোর্ড এবং সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন। একই সঙ্গে রেলওয়ে থানা, পার্সেল অফিস ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কার্যালয়েও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা স্টেশন ত্যাগ করে ক্যাম্পাসে ফিরে যান।
রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরে ক্যাম্পাসে ফিরে গেছে। তিনি আশা প্রকাশ করেন, সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবেন যাতে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে। অন্যদিকে, পশ্চিম রেলের মহাপরিচালক আহম্মদ হোসেন মাসুম এই সহিংসতাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

