১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর

সিগারেট, ওষুধ ও মোবাইল ফোনসহ ১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২০ সেপ্টেম্বর) এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, যেসব খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা।

এনবিআরের আদেশে উল্লেখ করা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট পণ্য উৎপাদনকারী এবং সেবা খাতের সরবরাহকারীদের জন্য এনবিআরের ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে দাখিলপত্র দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

আদেশে আরও স্পষ্ট করা হয়েছে যে, কোনো নিবন্ধিত ব্যক্তি যদি উল্লিখিত পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহের সঙ্গে যুক্ত থাকেন, তবে তার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। এছাড়া অনলাইনে দাখিলপত্র পেশ বাধ্যতামূলক করার বিষয়ে এনবিআর আগে কোনো আদেশ জারি করে থাকলে, এই নতুন আদেশের পর সেগুলো বাতিল বলে গণ্য হবে। প্রয়োজনে এই তালিকার যেকোনো খাতে সংযোজন বা বিয়োজন করার ক্ষমতাও এনবিআর সংরক্ষণ করেছে।