কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে জড়িত চার আসামির মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। কুমিল্লা আমলি আদালত-৬ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির আদালতে দীর্ঘ ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তারা এই স্বীকারোক্তি দেন।
রোববার রাতে কুমিল্লা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) এবং মো. কামরুল হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে অপর আসামি মো. সিয়াম (১৯) কোনো স্বীকারোক্তি দেননি বলে পুলিশ জানিয়েছে। তাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।
নিহত অপ্রতিম স্থানীয় বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

