জামালপুরের বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব। মেঘালয় সীমান্তঘেঁষা এই স্থানের সবুজ বনানী ও লেকঘেরা উন্মুক্ত চত্বরে অনুষ্ঠানের মূল মঞ্চ তৈরি করা হয়েছিল। সাধারণত রাতের আলোকসজ্জায় মঞ্চ সাজানো হলেও, লাউচাপড়ার প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে এবার দিনের আলোতেই অনুষ্ঠানের ধারণ কাজ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানটির ধারণকে কেন্দ্র করে জামালপুরে স্থানীয় মানুষের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছিল। বকশীগঞ্জসহ আশপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে হাজারো দর্শক অনুষ্ঠানটি দেখার জন্য নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থলে ভিড় করেন।
এবারের আয়োজনে রয়েছে দুটি ভিন্ন ধরনের গান। পান্থ কানাই ও তসিবা বেগমের কণ্ঠে গাওয়া একটি গানের কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু এবং সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। এছাড়া জামালপুরের পরিচিতি তুলে ধরতে থাকছে একটি বিশেষ নৃত্যগীত, যাতে কণ্ঠ দিয়েছেন মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ এবং সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের নৃত্য পরিচালনায় স্থানীয় বাঙালি ও গারো নৃত্যের পরিবেশনা এই পর্বে বাড়তি মাত্রা যোগ করেছে।
দর্শকদের অংশগ্রহণে নিয়মিত আয়োজনের পাশাপাশি জামালপুরের চারজন স্মরণীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বের কালজয়ী চারটি গানের অংশবিশেষ পরিবেশন করবেন নির্বাচিত চারজন দর্শক। এছাড়া দেশের অন্যতম প্রাচীন ও বড় ‘তুলসীপুর ঘোড়ার হাট’ নিয়েও থাকছে একটি বিশেষ আয়োজন।
অনুষ্ঠানে মানবিক প্রতিবেদনের অংশ হিসেবে নদীভাঙনে বাস্তুচ্যুত পরিবার ও বাল্যবিবাহের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের জীবনসংগ্রাম তুলে ধরা হবে। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়া ফেরদৌস হাসান বাপ্পী ও ওসনাই খাতুন দম্পতির অনুপ্রেরণামূলক গল্পও থাকছে। বিদেশি প্রতিবেদন পর্বে দেখানো হবে চীনের ঐতিহ্যবাহী শহর ‘সুঝৌ’, যেখানে প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ফুটে উঠবে।
সমসাময়িক বিভিন্ন সামাজিক অসংগতি নিয়ে নিয়মিত ব্যঙ্গাত্মক নাট্যাংশও থাকছে। এতে অভিনয় করেছেন সোলায়মান খোকা, মীর নাসিমুল ইসলাম সেলিম, সুভাশিষ ভৌমিক, আবদুল্লাহ রানা ও মুকিত জাকারিয়াসহ অনেকে। শিল্পনির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম এবং পরিচালকের সহকারী হিসেবে ছিলেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।
হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ফাগুন অডিও ভিশনের প্রযোজনায় নির্মিত ইত্যাদি’র এই পর্বটি ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে।

