কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবন ও কারবারের দায়ে মো. মাহবুব হাসান বিপুল (৩০) নামের এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত বিপুল উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামের মৃত আশরাফুল হকের ছেলে।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার মঠখোলা নামা বাজার এলাকায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার জানান, বিপুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত ছিলেন। শনিবার রাতে মঠখোলা নামা বাজার এলাকায় মাদক বিক্রির সময় স্থানীয়রা তাকে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করেন। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত যুবককে রবিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

