কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যায় তিন কিশোর গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। মায়ের আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপ্রতিমকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে মুঠোফোনটি ছিনিয়ে নেওয়ার সময় অপ্রতিম বাধা দিলে তাকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর ছিনতাইকারীরা ফোনটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুই কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সানন্দা এলাকার সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯), সালমানপুর এলাকার ১৫ বছর বয়সী এক কিশোর এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলার হাতিগাড়া এলাকার ১৬ বছর বয়সী আরেক কিশোর। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আগে কোনো পুলিশ রেকর্ড নেই। এছাড়া ১৯ বছরের আরেক তরুণকে আটক করে সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। রোববার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও পঙ্কজ বড়ুয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, অপ্রতিম নিখোঁজ হওয়ার ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তদন্ত শুরু হয়। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টা ১৫ মিনিটে তুহিন অপ্রতিমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের নির্জন জঙ্গলের দিকে যাচ্ছেন। অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর ফুটেজে শনাক্ত হওয়া সাইফুলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার পরিকল্পনা ও দুই কিশোরের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। সাইফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ি থেকে অপ্রতিমের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ভাষ্য অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে সানন্দা এলাকার পাহাড়ঘেরা নির্জন বনে অপ্রতিমের ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। ধস্তাধস্তির একপর্যায়ে সাইফুল ও ওই দুই কিশোর মিলে অপ্রতিমের মাথায় আঘাত করে। অপ্রতিম বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার দুপুরে কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। শনিবার দুপুরে পুলিশ লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে।

সংবাদ সম্মেলনে অপ্রতিম হত্যায় কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠলে পুলিশ সুপার জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লালমাই পাহাড়ে সাম্প্রতিক অপরাধের ঘটনা ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন করা হলে তিনি জানান, অপরাধ প্রতিরোধে পুলিশ কাজ করছে এবং লালমাই পাহাড় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে যায়নি। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অভিভাবকদের সন্তানদের চলাফেরার বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ সুপার।