অপ্রতিম হত্যায় মামলা, শেষ বিদায় জানালেন স্বজন ও সহপাঠীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে শনিবার রাত সাড়ে ১২টার দিকে এই মামলাটি করেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম আজ রোববার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় আসামিদের নাম অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে।

রোববার সকাল নয়টার দিকে কোটবাড়ীর গন্ধমতি এলাকার নুরজাহান ভিলায় অপ্রতিমের মরদেহবাহী গাড়ি পৌঁছালে সেখানে স্বজন ও বন্ধুদের ভিড় জমে যায়। অপ্রতিমের মা নাহিদা বেগম নিজ ফ্ল্যাটে আহাজারি করছিলেন। সকাল পৌনে ১০টার দিকে মরদেহবাহী গাড়িটি বাড়ি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের উদ্দেশে রওনা দেয়। ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ পুনরায় গন্ধমতি এলাকায় নেওয়া হয়। সেখানে ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়।

সকাল সোয়া নয়টার দিকে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের নেতৃত্বে স্থানীয় নেতারা অপ্রতিমের পরিবারের সঙ্গে দেখা করতে নুরজাহান ভিলায় যান। এ সময় জামায়াতের আমির শফিকুর রহমান মুঠোফোনে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের সঙ্গে কথা বলে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এক কিশোরের কাছ থেকে অপ্রতিমের নিয়ে যাওয়া আইফোনটিও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে এবং এ নিয়ে দুপুরে সংবাদ সম্মেলনের কথা রয়েছে।