শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর, সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন হাফিজ উদ্দিন আহমদ। সংবাদ সম্মেলনে তিনি জানান, জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ গ্রহণের সময়ই সংবিধান অনুযায়ী প্রয়োজন সাপেক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও সম্পন্ন হয়ে থাকে। একইভাবে স্পিকারের পদ শূন্য হলে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের বিষয়টিও সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
মো. সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জানান, পদত্যাগপত্রটি পর্যালোচনার পর এটি স্পষ্ট হয়েছে যে, দীর্ঘদিনের শারীরিক জটিলতা ও অসুস্থতার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া নানামুখী জল্পনা-কল্পনা ও বিভ্রান্তির অবসান ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দেশের সাংবিধানিক কাঠামো অনুযায়ী রাষ্ট্রপতির পদ কখনো শূন্য থাকে না উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সম্পূর্ণ সাংবিধানিক নিয়ম মেনেই এই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফলে রাষ্ট্র পরিচালনায় কোনো ধরনের প্রশাসনিক জটিলতা বা সাংবিধানিক সংকটের সুযোগ নেই। এর আগে শুক্রবার বিকেলেই ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন।

