বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণ উদ্ধার ও রহস্যজনকভাবে যাত্রী মুক্তি

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন চত্বর থেকে আল মামুন (৪৭) নামের এক পাসপোর্ট যাত্রীকে আটক করেন কাস্টমস গোয়েন্দা সদস্যরা। শরীরের ভেতরে স্বর্ণবার লুকিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি ইমিগ্রেশনে এসেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা শাখার তথ্য অনুযায়ী, চোরাচালান সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে ভারতগামী এই সন্দেহভাজন যাত্রীকে আটক করে তল্লাশি চালানো হয়। শুরুতে তার কাছে কোনো স্বর্ণ পাওয়া না গেলেও পরবর্তীতে ওই যাত্রীর শরীর এক্স-রে করা হয়। এতে তার রেকটামে স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। জিজ্ঞাসাবাদে মামুন স্বর্ণ বহনের কথা স্বীকার করলে তার কাছ থেকে ৮২ গ্রাম ওজনের দুটি স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা। বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল নিশ্চিত করেছে যে, উদ্ধার হওয়া স্বর্ণবারগুলো কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে।

তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক নাটকীয়তা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, যাত্রী আটকের পরপরই গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানানো হলেও, শেষ পর্যন্ত গোয়েন্দা শাখা বা কাস্টমস কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত বা পূর্ণাঙ্গ তথ্য প্রদান করেনি। এমনকি এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত স্বর্ণ বহনকারী মামুনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণ আটকের এই পুরো প্রক্রিয়াটি এখন জনমনে ব্যাপক প্রশ্নবিদ্ধ। এ বিষয়ে বক্তব্য জানার জন্য বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক আবু সেলিম মোহাম্মদ মোশারাফ হোসেন ভুঁইয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকে আটক সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় স্থানীয় সুশীল সমাজ বিষয়টিকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন।