সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে ৩৪ দিনে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই অর্থ গণনার কাজ সন্ধ্যায় শেষ হয়। মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত ১৩ সদস্যের কমিটির তত্ত্বাবধানে এই গণনা সম্পন্ন হয়।
গণনার সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাজারের দানবাক্স ও ডেগ থেকে নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রোপার সামগ্রী এবং একাধিক চিঠিও পাওয়া গেছে। গণনা শেষে সংগৃহীত অর্থ জেলা প্রশাসনের মাধ্যমে মাজারের নামে সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে জমা রাখা হয়েছে।
এর আগে চলতি বছরের ২২শে জুন প্রথমবারের মতো মাজারের দানের অর্থ প্রকাশ্যে গণনা করা হয়। ওই সময় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা এবং কিছু স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছিল। এরপর ১১ই জুলাই দ্বিতীয় দফার গণনায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা এবং ১৫ই আগস্ট তৃতীয় দফার গণনায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। ওই তৃতীয় দফায় নগদ অর্থের পাশাপাশি ২ ভরি ১ রতি স্বর্ণালংকার ও ১ ভরি ২ আনা রুপা পাওয়া গিয়েছিল। সব মিলিয়ে আগের তিন দফায় মোট ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা পাওয়া গেছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছ ও দীর্ঘমেয়াদি কাঠামো তৈরির লক্ষ্যে গত ২৬শে জুন ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির মাধ্যমেই নিয়মিত বিরতিতে প্রকাশ্যে দানের অর্থ গণনা করা হচ্ছে।

