এলজিইডি কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় আমন্ত্রণ থাকা সত্ত্বেও অনেক জেলা ও উপজেলা প্রকৌশলী অনুপস্থিত থাকায় প্রতিমন্ত্রী তাঁদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন।

সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরাসরি জানতে চান, মন্ত্রী বড়, নাকি স্থানীয় সংসদ সদস্য বড়। তিনি এই অনুপস্থিতিকে 'ফাজলামি' বা 'পিকনিক' করার মানসিকতা হিসেবে অভিহিত করে বলেন, কর্মকর্তাদের এমন গুরুত্বপূর্ণ সভায় ডেকে আনা হয়েছে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে, সেখানে অনুপস্থিত থাকা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি তিনি নোট করে রাখারও নির্দেশ দেন।

সভার একপর্যায়ে রাঙামাটি জেলার কর্মকর্তাদের ডেকে নিয়ে উপজেলাভিত্তিক উপস্থিতির হিসাব মেলান প্রতিমন্ত্রী। ১০টি উপজেলার মধ্যে মাত্র ছয়জন কর্মকর্তা উপস্থিত থাকায় তিনি বাকিদের বিষয়ে খোঁজ নেন। একজন কর্মকর্তা স্থানীয় সংসদ সদস্যের সভায় আছেন জানানো হলে প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, কোনো স্থানীয় উদ্বোধনের ক্ষেত্রে সংসদ সদস্যের সঙ্গে সমন্বয় করা যেতে পারে, কিন্তু মন্ত্রী, সচিব ও প্রতিমন্ত্রীর ডাকা গুরুত্বপূর্ণ সভার চেয়ে স্থানীয় সংসদ সদস্যকে বড় মনে করে অনুপস্থিত থাকা যাবে না। প্রয়োজনে সংসদ সদস্যকে জানিয়ে দিতে হবে যে, পরবর্তীতে তাঁর সঙ্গে বসা হবে।

একইভাবে বান্দরবান, খাগড়াছড়ি ও নেত্রকোনা জেলার কর্মকর্তাদের উপস্থিতির হিসাবও যাচাই করেন প্রতিমন্ত্রী। প্রতিটি জেলাতেই কয়েকজন করে কর্মকর্তা অনুপস্থিত থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি নির্দেশ দেন যে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেন সভায় আসেননি এবং বিকল্প দায়িত্বপ্রাপ্ত কেউ কেন উপস্থিত নেই, তা যেন উপস্থিত কর্মকর্তারা খোঁজ নেন। সভায় একজন উপজেলা প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দেন যে, জবাব সন্তোষজনক না হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় জানানো হয়, এলজিইডির মোট ৫০৩ জন কর্মকর্তার মধ্যে ৪৪০ জন উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী সভায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও হাটবাজারসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে সৌর প্যানেল স্থাপন এবং অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহের নির্দেশনা দেন। সভায় স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।