দক্ষিণ ইয়েমেনে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনী ও ইরান মদদপুষ্ট হুতি যোদ্ধাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপিকে উভয় পক্ষের সামরিক সূত্র জানিয়েছে যে, এই লড়াইয়ে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন।
ইয়েমেনের সরকারি বাহিনীর সামরিক সূত্র জানিয়েছে, সর্বশেষ এই সংঘর্ষে তাদের ১৭ জন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। অন্যদিকে হুতি যোদ্ধারা জানিয়েছে, তাদের পক্ষে ৩১ জন যোদ্ধা নিহত হয়েছে।
এই সংঘাতের মধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াদ বিমানবন্দরের কাছে আগুনের শিখা ও বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ রাজধানীসহ পুরো দেশে ‘শত্রুতাপূর্ণ আকাশপথের হুমকি’র সতর্কতা জারি করেছিল। রিয়াদে অন্তত একটি বিস্ফোরণের শব্দও শোনা গেছে বলে খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, সৌদি আরব গত কয়েক বছরে হুতিদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে। তবে এসব হামলা হুতিদের অগ্রযাত্রা থামাতে ব্যর্থ হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে রিয়াদ তার মিত্র যুক্তরাষ্ট্রের কাছেও সহায়তা চেয়েছিল, যদিও সেই সহায়তা এখনো বাস্তবে পাওয়া যায়নি।

