সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামের এই গেজেটে বেতন নির্ধারণের বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা তাদের বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ হারে সুবিধা পাবেন।
তবে এই নতুন বেতনকাঠামোর সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, বেশ কিছু নির্দিষ্ট শ্রেণি, কর্মচারী ও শ্রমিক এই আদেশের আওতার বাইরে থাকবেন। ফলে তারা এই নতুন বেতন-ভাতা পাবেন না।
আওতার বাইরে থাকা শ্রেণিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিয়োজিত ব্যক্তিরা। এছাড়া প্রতিরক্ষা সার্ভিসে নিয়োজিত কর্মচারীরাও এই কাঠামোর অন্তর্ভুক্ত নন, তবে প্রতিরক্ষা প্রাক্কলন থেকে বেতন পাওয়া বেসামরিক কর্মচারীরা এর ব্যতিক্রম। একইভাবে পুলিশ বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) দায়িত্বরতরাও এই আদেশের বাইরে থাকবেন।
রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের ক্ষেত্রে, পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) আইন, ২০১৮-এর ধারা ২-এর দফা (ঘ)-তে সংজ্ঞায়িত শ্রমিকরা এই নতুন বেতনকাঠামোর সুবিধা পাবেন না। এছাড়া শিক্ষানবিশ বা প্রশিক্ষণার্থী হিসেবে নিয়োজিত ব্যক্তি, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত কর্মী, দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫-এর আওতাভুক্ত শ্রমিক এবং চুক্তিভিত্তিক বা খণ্ডকালীন কর্মীরাও এই আদেশের বাইরে থাকছেন।
এদিকে, সাধারণ সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস ও অন্যান্য সংশ্লিষ্ট শ্রেণির জন্য আলাদাভাবে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

