বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, গত ১৭ বছরে শিক্ষাব্যবস্থায় চরম অনিয়ম ও অব্যবস্থাপনা চলেছে। তিনি দাবি করেন, প্রভাবশালী মহল থেকে ফোন এলে খাতা না দেখেই অনেক শিক্ষার্থীকে পাস করিয়ে দেওয়া হতো। এমনকি কোনো শিক্ষার্থী খাতায় কিছু না লিখে শুধু প্রশ্নপত্র জমা দিলেও তাকে পাস করিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হতো বলে তিনি মন্তব্য করেন।
শনিবার সকাল ১১টায় কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, গত ১৭ বছরে জাতির মেরুদণ্ডকে দুর্বল করে দেওয়া হয়েছে। তিনি বলেন, মানবিক মেরুদণ্ডকে প্লাস্টিকের মেরুদণ্ডে রূপান্তরিত করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে প্রযুক্তি বা ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের যে প্রতিযোগিতামূলক সক্ষমতা ছিল, তা থেকে আমাদের নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সুলতানা নাসের, জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকারম হোসেন সাজ্জাত, কেরানীগঞ্জ সিএনজি ব্যবসায়ী সমিতির সভাপতি ইমাম উল্লাহ মাস্তানসহ বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষক, অধ্যক্ষ এবং পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

