সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মো. তারেক (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার চামরদানি ইউনিয়নের ফুলকান্দা বাজারসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া তারেক ওই ইউনিয়নের দুগনই গ্রামের মো. হেকিম মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীনের নির্দেশনায় এসআই উৎপল কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ফুলকান্দা বাজারসংলগ্ন বেড়িবাঁধের কাঁচা রাস্তায় কাঠের তৈরি একটি ইঞ্জিনচালিত টেম্পু নৌকায় থাকা তারেকের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এরপর পুলিশ তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির বাম কোচর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে। মাদক বহনে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে।
এই ঘটনায় এসআই উৎপল কুমার সাহা বাদী হয়ে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে এসআই মো. আব্দুল লতিফকে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার সকালে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

