সৌদি আরব রক্ষায় শর্তহীনভাবে প্রস্তুত পাকিস্তান: সামরিক মুখপাত্র

যেকোনো পরিস্থিতিতে সৌদি আরবকে রক্ষায় পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র। বৃহস্পতিবার আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, রিয়াদের নিরাপত্তার প্রতি ইসলামাবাদের এই অঙ্গীকার ‘শর্তহীন’। তিনি আরও জানান, কূটনৈতিক ও শারীরিক—উভয় দিক থেকেই পাকিস্তান পুরোপুরি সৌদি আরবের পাশে রয়েছে। ইয়েমেনের হুতি মিলিশিয়া সৌদি আরবের বিভিন্ন শহরে হামলা চালানোর প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ায় বৈশ্বিক তেল সরবরাহের ওপর নতুন করে হুমকি তৈরি হয়েছে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর তাইফের আকাশে একটি ড্রোন বাধা দেয়ার পর তার ধ্বংসাবশেষের আঘাতে এক ইয়েমেনি নাগরিক নিহত হয়েছেন। গত সপ্তাহে সংঘাত তীব্র হওয়ার পর হুতিদের ধারাবাহিক হামলায় এটিই রিয়াদের ঘোষিত প্রথম প্রাণহানির ঘটনা। এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, এসব হামলায় ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

আইএসপিআর মহাপরিচালক পুনরায় জোর দিয়ে বলেন, সৌদি আরবের প্রতি পাকিস্তানের অঙ্গীকারের মধ্যে মক্কা ও মদিনার সুরক্ষাও অন্তর্ভুক্ত। তিনি বলেন, হারামাইন শরিফাইন রক্ষায় আমরা সেখানে উপস্থিত আছি এবং এ নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সৌদি আরবকে রক্ষা করে যাবে বলেও তিনি উল্লেখ করেন। আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, সংঘাতের ‘আলোচনার মাধ্যমে ও শান্তিপূর্ণ সমাধান’ খুঁজে বের করতে ইসলামাবাদ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে।

এখানে উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক ‘মক্কা প্রতিরক্ষা জোটে’ স্বাক্ষর করেছে। এটা মক্কা চুক্তি হিসেবেই পরিচিত। এর অধীনে এক দেশের বিরুদ্ধে কোনো দেশ আক্রমণ চালালে তা জোটের সব দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য হবে।