মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার এক ঘোষণায় সিএনএন, এমএস নাও এবং পলিটিকোকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করার কথা জানিয়েছেন। তার অভিযোগ, এই সংবাদ মাধ্যমগুলো নিয়মিত ‘ভুয়া খবর’ প্রকাশ করে এবং নেতিবাচক সংবাদ পরিবেশন করে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, ভবিষ্যতে আরও গণমাধ্যমের ওপর এ ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে।
ওভাল অফিসে এক অনুষ্ঠানে ট্রাম্প তার এই কঠোর অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘তাদের ভুয়া খবর পড়তে ও দেখতে দেখতে আপনি খুবই ক্লান্ত হয়ে যাবেন। সিএনএন শুধুই ভুয়া, এজন্যই তাদের দর্শকসংখ্যা ভালো নয়। এমএস নাও ও পলিটিকোর প্রতিবেদনগুলোও ভুয়া।’ তিনি আরও বলেন, দেশের জন্য সৎ সংবাদ প্রয়োজন এবং অন্য গণমাধ্যমগুলোকেও হয়তো এই তালিকায় যুক্ত করা হতে পারে।
ট্রাম্পের এই ঘোষণার পর তাৎক্ষণিকভাবে তা কার্যকর হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। শুক্রবার বিকেল পর্যন্ত সিএনএন, এমএস নাও এবং পলিটিকোর সাংবাদিকরা হোয়াইট হাউস প্রাঙ্গণেই উপস্থিত ছিলেন। এর আগে গত বছর এপি’র সাংবাদিকদের ওভাল অফিস এবং এয়ার ফোর্স ওয়ানে প্রবেশে বাধা দিয়েছিলেন ট্রাম্প। এছাড়া দ্য নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও বিবিসি’র মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধেও তিনি বিভিন্ন আইনি পদক্ষেপ নিয়েছেন।
সিএনএন এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, তারা হোয়াইট হাউসে নিজেদের সাংবাদিক দলের এবং নির্ভুল সংবাদ পরিবেশনের পক্ষে অবিচল। সিএনএনের বিবৃতিতে বলা হয়, সংবিধানের অধীনে সরকারের হস্তক্ষেপ ছাড়াই সংবাদ পরিবেশনের অধিকার তাদের রয়েছে এবং প্রেসিডেন্টের এই হুমকি কার্যকর হলে তা সাংবিধানিক অধিকারের ওপর অবৈধ আঘাত হবে। পলিটিকোও জানিয়েছে, তারা তাদের প্রথম সংশোধনী অধিকার রক্ষায় প্রয়োজনে আইনি লড়াই চালিয়ে যাবে।
ন্যাশনাল প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মার্ক শোয়েফ ট্রাম্পের এই পদক্ষেপকে ‘ভিউপয়েন্ট ডিসক্রিমিনেশন’ বা মতাদর্শের ভিত্তিতে বৈষম্য হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এটি কোন সংবাদমাধ্যম প্রেসিডেন্টের ক্ষমতা প্রত্যক্ষ করতে পারবে তা নিয়ন্ত্রণের একটি প্রচেষ্টা। ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশনের সেথ স্টার্ন মন্তব্য করেন, সরকারের সমালোচনা করার কারণে সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করা প্রথম সংশোধনীর স্পষ্ট লঙ্ঘন।

