১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু: নেতৃত্বে ডা. শফিকুর রহমান

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ১৪। শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ শেষ হওয়ার পর রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করেছে ১১ দলীয় ঐক্যের লংমার্চ। সকাল ৮টার পর শুরু হওয়া এই গাড়িবহরে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নেতৃত্ব দিচ্ছেন। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এই লংমার্চে হাজারের বেশি গাড়ি অংশ নিচ্ছে।

লংমার্চটি রংপুরে পৌঁছানোর আগে পথে পাঁচটি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে গাজীপুরের ভোগড়া বাইপাস, টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস রোড, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালির বিমান মোড় এবং গাইবান্ধার পলাশবাড়ী। সবশেষে সন্ধ্যায় রংপুরের জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া যাত্রাপথে জনস্বার্থে বিভিন্ন স্থানে নেতারা পথসভায় বক্তব্য রাখতে পারেন।

গত ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সফলতার পর এই কর্মসূচি নিয়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় ঐক্য এই লংমার্চ সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং প্রশাসনসহ সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেছে। নেতারা প্রত্যাশা করছেন, আগের কর্মসূচির চেয়ে এবারের লংমার্চে জনসাড়া অনেক বেশি হবে।

উল্লেখ্য, ছয় দফা দাবি নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে তা আট দফায় উন্নীত হয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, আগের দাবিসমূহের মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধ করা। এর সাথে নতুন করে দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধের পাশাপাশি উত্তরাঞ্চলের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি যুক্ত করা হয়েছে।