ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সেবা কার্যক্রমকে অধিকতর সহজ, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করার লক্ষ্যে সংস্থাটির ডিজিটাল রূপান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর টিসিবি সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ডিজিটাল উদ্যোগের উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহৃত হওয়া উচিত, যাতে সেবা প্রক্রিয়া সহজ ও মর্যাদাপূর্ণ হয়। তিনি উল্লেখ করেন, পণ্য উৎপাদন পর্যায় থেকে খুচরা বাজার পর্যন্ত দামের ব্যবধান এবং সাময়িক সরবরাহ ঘাটতি বাজারে অস্থিরতা তৈরি করে। এমতাবস্থায় স্বল্প আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে টিসিবির কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সরকারি ভর্তুকির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী জানান, এই ডিজিটাল রূপান্তরের ফলে চলতি অর্থবছরে গত বছরের তুলনায় প্রায় ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার ভর্তুকি সাশ্রয় হবে। এছাড়া আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে কার্যকর ব্যবস্থাপনা ও সঠিক উপকারভোগী নির্বাচনের মাধ্যমে ভর্তুকির অপচয় উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, টিসিবির সেবাকে ঢেলে সাজাতে ব্যাপক ডিজিটাল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরসহ অন্যান্য তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে ইতিমধ্যে প্রায় ৫৯ লাখ অযোগ্য আবেদনকারীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ৭৯ লাখ উপকারভোগী টিসিবির সেবার আওতায় রয়েছেন এবং ভবিষ্যতে এই সংখ্যা ১ কোটিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ‘উপকারী’ নামক নতুন একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে উপকারভোগীরা প্রচলিত কার্ডের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সেবা গ্রহণ করতে পারবেন। এনক্রিপ্টেড কিউআর কোড ব্যবহারের ফলে কার্ড হারিয়ে গেলেও উপকারভোগীরা পণ্য পাওয়া থেকে বঞ্চিত হবেন না। এছাড়া পণ্য বিক্রয় ও বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ‘অল-ইন-ওয়ান পিওএস’ মেশিনের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই, অনলাইন পেমেন্ট এবং তাৎক্ষণিক বিক্রয় রশিদের ব্যবস্থা করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থার মাধ্যমে পণ্য বিক্রয় প্রক্রিয়ায় কোনো অনিয়ম হচ্ছে কি না, তা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এছাড়া ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনার যাবতীয় কাজ এখন থেকে অনলাইনে সম্পন্ন হবে।

