মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার জেরে তীব্র জ্বালানি সংকটে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপালের প্রায় ২০০ কোটি মানুষ—যা বিশ্বের মোট জনসংখ্যার ২৩ শতাংশ—এই সংকটের কারণে চরম মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মুখোমুখি হয়েছেন। কাতার ও উপসাগরীয় দেশগুলোর ওপর জ্বালানি আমদানির ব্যাপক নির্ভরশীলতাই এই অঞ্চলের দেশগুলোকে খাদের কিনারে ঠেলে দিয়েছে বলে আল জাজিরার এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে।
এই সংকটে পরিমাণের দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ ভারত। নিজেদের ব্যবহৃত তেলের প্রায় ৮৫ শতাংশই আমদানি করা ভারতের প্রধান সরবরাহকারী ছিল ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মতো দেশগুলো। পাশাপাশি কাতার ছিল তাদের এলএনজির মূল উৎস। রাশিয়া, আফ্রিকা এবং আমেরিকা মহাদেশ থেকেও তারা তেল আমদানি করে থাকে। অন্যদিকে পাকিস্তানও সৌদি আরব, আমিরাত, কুয়েত ও কাতারের আমদানিকৃত তেল ও এলএনজির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিকল্প উৎস কম থাকায় সংকটের ধাক্কা এই দেশগুলোতে তীব্র রূপ নিয়েছে।
বাংলাদেশ নিজস্ব উৎস থেকে কিছু প্রাকৃতিক গ্যাস উৎপাদন করলেও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কাতারের এলএনজি এবং পরিশোধিত পেট্রোলিয়াম আমদানির ওপর তাদের নির্ভরতা দিন দিন বাড়ছে। অন্যদিকে, স্থলবেষ্টিত দেশ নেপাল সরাসরি উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি আমদানি না করলেও পেট্রোল, ডিজেল, কেরোসিন ও এলপিজিসহ প্রায় সব ধরনের পেট্রোলিয়াম পণ্যের জন্য সম্পূর্ণ ভারতের ওপর নির্ভরশীল। ফলে ভারতে জ্বালানির মূল্যবৃদ্ধি বা সরবরাহ ঘাটতি সরাসরি নেপালের বাজারকেও দ্রুত অস্থিতিশীল করে তুলেছে।
বরাবরের মতোই এই বৈশ্বিক সংকটের সবচেয়ে বড় শিকার হচ্ছেন নিম্ন আয়ের ও অর্থনৈতিকভাবে নাজুক সাধারণ মানুষ। বাংলাদেশের রাজধানী ঢাকায় গৃহকর্মীর কাজ করা দুই সন্তানের জননী আসমা বেগম জানান, আর্থিক চাপের কারণে ধনী পরিবারগুলো এখন গৃহকর্মী রাখা বন্ধ করে দিচ্ছে। মাসে মাত্র ৫ হাজার টাকা আয় করা আসমা বলেন, ‘ধনীরাও এখন আর্থিক চাপের মুখে। তারা কোনো গৃহকর্মী না রেখেই নিজেরাই ঘরের কাজ সামলানোর চেষ্টা করছেন।’ তিনি আরও বলেন, ‘সবারই একই সমস্যা। আমরা সবাই কাজ করেই টিকে আছি।’ আসমার পরিবারেও এই সংকটের প্রভাব পড়েছে। তার বাবা-মা বরিশালের উপকূলীয় এলাকায় থাকেন, যেখানে তার বাবা ও ভাই নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন এবং ক্যানসার আক্রান্ত হওয়া সত্ত্বেও তার মা একটি মেসে রান্নার কাজ করছেন।
একই চিত্র দেখা গেছে পাকিস্তানের করাচিতেও। বিত্তশালী এলাকায় গৃহকর্মীর কাজ করা সাজিদা জিবরানের অসুস্থ স্বামী কর্মক্ষম নন এবং তাদের তিন সন্তান বর্তমানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা করছে। তিনি জানান, গত বছরের শেষে তার ঘরের ভাড়া ১৫ হাজার পাকিস্তানি রুপি থাকলেও গত মাসে তা বেড়ে ২৫ হাজার রুপিতে ঠেকেছে। সাজিদা বলেন, ‘যুদ্ধের আগে সবাই মোটামুটি ভালোভাবেই খাওয়া-দাওয়া করতে পারত। আমি মাংস বা মুরগি কিনতে পারতাম; কিন্তু যুদ্ধ শুরুর পর শাকসবজির দামও এতটাই বেড়ে গেছে যে সেগুলো কেনাও কঠিন হয়ে পড়েছে।’ আগে যেখানে তাদের বিদ্যুৎ বিল আসত ১ হাজার ৫০০ রুপি, এখন তা ৫ হাজার রুপি ছাড়িয়ে যাচ্ছে এবং গ্যাস বিল আসছে অন্তত ২ হাজার রুপি। ফলে সন্তানদের পড়াশোনার খরচ যোগাতে তিনি হিমশিম খাচ্ছেন।

