দীর্ঘ ১২ বছর বিরতির পর বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) তাদের ঐতিহ্যবাহী আয়োজন ‘বাটেক্সপো’ পুনরায় চালু করতে যাচ্ছে। আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
গোলাম পরওয়ার বাটেক্সপোর এই প্রত্যাবর্তনকে দেশের পোশাক শিল্পের জন্য একটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। ১৯৮৯ সালে বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করা এবং রফতানি সম্প্রসারণের লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই আয়োজন সময়ের পরিক্রমায় আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তবে এবারের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে যে পরিবর্তন আনা হয়েছে, তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল উল্লেখ করেন, অতীতে বাটেক্সপোর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতাদের অংশগ্রহণ একটি রাজনৈতিক বার্তা বহন করত—যেখানে জাতীয় স্বার্থকে মতপার্থক্যের ঊর্ধ্বে রাখা হতো। এবারের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত বিজিএমইএ-এর নিজস্ব বিষয় হলেও, তিনি মনে করেন, অন্তর্ভুক্তিমূলক ঐতিহ্য বজায় থাকলে তা দেশের রাজনৈতিক ঐকমত্য ও শিল্পের প্রতি সম্মিলিত অঙ্গীকারের শক্তিশালী বার্তা দিত।
বর্তমান প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর বিশ্বে প্রতিটি রফতানি পণ্য দেশের ইতিহাস ও মূল্যবোধের বার্তা বহন করে বলে গোলাম পরওয়ার মন্তব্য করেন। তিনি বলেন, বাটেক্সপোর মতো আন্তর্জাতিক পরিসরের আয়োজন শুধু ক্রেতা-বিক্রেতার মিলনমেলা নয়, বরং এটি বাংলাদেশকে বিশ্বমঞ্চে উপস্থাপনের একটি মাধ্যম। তাই বিদেশি ক্রেতা বা বিনিয়োগকারীদের কাছে দেশের রাজনৈতিক বিভাজনের কোনো বার্তা যেন না যায়, সেদিকে বিশেষ নজর রাখা প্রয়োজন ছিল।
বিজিএমইএ-কে একটি অরাজনৈতিক ও জাতীয় শিল্প সংগঠন হিসেবে উল্লেখ করে তিনি আরও দূরদর্শী ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, পোশাক শিল্প কোনো নির্দিষ্ট দল বা সরকারের সম্পদ নয়, বরং এর সঙ্গে লাখ লাখ শ্রমিক ও উদ্যোক্তার ভাগ্য জড়িত। পরিশেষে তিনি আশা প্রকাশ করেন, বিজিএমইএ ভবিষ্যতে তাদের দায়িত্ব ও বিচক্ষণতার মাধ্যমে বাংলাদেশের ঐক্য, স্থিতিশীলতা ও সংস্কৃতির ইতিবাচক ভাবমর্যাদা বিশ্ববাসীর কাছে তুলে ধরবে এবং বাটেক্সপো রাজনৈতিক বিভাজনের পরিবর্তে জাতীয় ঐকমত্যের প্রতীকে পরিণত হবে।

