রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যক্তিকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে তাঁর মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আজ বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে মোহাম্মদপুরের সাদেক খান রোড এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যক্তির নাম হৃদয়। ঘটনার সময় তিনি মোটরসাইকেল চালিয়ে সাদেক খান রোড এলাকা দিয়ে যাচ্ছিলেন। সে সময় অন্তত পাঁচজন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে দাঁড়ায়। একপর্যায়ে ছিনতাইকারীরা হৃদয়কে লক্ষ্য করে চাপাতি দিয়ে পিঠ ও কোমরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর তাঁর কাছ থেকে মোটরসাইকেলটি এবং নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

