মমেক হাসপাতালে মৃত্যু নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে কর্মকর্তাদের অপসারণের দাবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের তথ্য গোপন ও ‘মিথ্যাচারের’ অভিযোগ তুলেছে নাগরিক সংগঠন ময়মনসিংহ মঞ্চ। এই ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা বিভাগীয় কমিশনার, হাসপাতালের পরিচালক ও উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত অপসারণের দাবি জানান।

ময়মনসিংহ মঞ্চের সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ সমাবেশে অভিযোগ করেন, অগ্নিকাণ্ডের পর প্রশাসনের কর্মকর্তারা শুরুতে দাবি করেছিলেন যে এতে কেউ নিহত বা আহত হননি। পরবর্তীতে গণমাধ্যমের প্রতিবেদনে হতাহতের প্রকৃত তথ্য বেরিয়ে আসে। তিনি বলেন, ঘটনার পর সত্যকে ধামাচাপা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। এই নৈতিক স্খলনের দায়ে তিনি বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ময়মনসিংহ থেকে অপসারণের দাবি জানান। তিনি আরও অভিযোগ করেন যে, একই ব্যক্তি দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে অবস্থান করে দুর্নীতির অরাজকতা সৃষ্টি করেছেন এবং সব দপ্তর তার নিয়ন্ত্রণে রেখেছেন।

নিহতদের প্রতিটি পরিবারের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের বিনা মূল্যে বিশেষায়িত চিকিৎসার দাবি তুলেছেন ইমতিয়াজ আহমেদ। পাশাপাশি তিনি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করার আহ্বান জানান। অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের সিঁড়িগুলো বন্ধ থাকার বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আটতলায় আগুন লাগার পর সাততলা থেকে রোগী ও স্বজনরা নামতে শুরু করেন, কিন্তু সেই সময় চারটি সিঁড়ির মধ্যে তিনটিই তালাবদ্ধ ছিল। মাত্র একটি সিঁড়ি খোলা থাকায় আতঙ্কিত মানুষের পক্ষে নিরাপদে বের হওয়া অসম্ভব ছিল।

প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রত্যাখ্যান করে তিনি উচ্চক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান। তিনি বলেন, অগ্নিকাণ্ডে হতাহতের সঠিক সংখ্যা জনগণের সামনে প্রকাশ করতে হবে। গত সোমবার সন্ধ্যার দিকে মমেক হাসপাতালের আটতলা ভবনের ১১ নম্বর লিফটে আগুন লাগে। এতে লিফটের বাইরের আবরণ পুড়ে যায় এবং ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন দুইজন আগুন আতঙ্কে মৃত্যুর কথা স্বীকার করলেও, এ ঘটনায় চার জনের মৃত্যুর তথ্য সামনে এসেছে।