নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রতীক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সংশোধনীতে আগের ১১৯টি প্রতীকের সঙ্গে নতুন করে ‘না’ প্রতীকটি যুক্ত করা হয়েছে, যার ফলে বর্তমানে সংরক্ষিত প্রতীকের সংখ্যা দাঁড়িয়েছে ১২০টিতে। এছাড়া তালিকায় স্থগিতকৃত প্রতীক হিসেবে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ও রাখা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন এই সংশোধনী এনেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বিধি-৯ এর উপ-বিধি (১) সংশোধন করে নতুন প্রতীকগুলোর তালিকা প্রতিস্থাপন করা হয়েছে। এখন থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এই তালিকায় থাকা প্রতীকগুলো থেকে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ নিতে পারবেন।
তালিকায় থাকা প্রতীকগুলোর মধ্যে রয়েছে- আনারস, আপেল, আম, আলমিরা, ঈগল, উট, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ট্রাক, ট্রাক্টর, ডাব, ড্রেসিং টেবিল, ঢেঁকি, তারা, ফুলের মালা, বই, বক, বটগাছ, বাইসাইকেল, বাঘ, রকেট, রিকশা, রেল ইঞ্জিন, লাঙল, লিচু, শাপলা কলি, উদীয়মান সূর্য, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কলস, কলার ছড়ি, কাঁচি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কুঁড়ে ঘর, কুড়াল, কুমির, কুলা, কেটলি, কোদাল, খেজুর গাছ, ঘোড়া, চশমা, চাকা, চাবি, চিংড়ি, চিরুনি, চেয়ার, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, টেবিল, টেবিল ঘড়ি, টেবিল ল্যাম্প, টেলিফোন, টেলিভিশন, তালা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেওয়াল ঘড়ি, দোতলা বাস, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা (স্থগিত), পাগড়ি, পানির ট্যাপ, পালকি, প্রজাপতি, ফুলের ঝুড়ি, ফুটবল, ফুলকপি, বালতি, বেবী টেক্সি, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব, মই, মগ, ময়ূর, মশাল, মাইক, মাছ, মাথাল, মিনার, মোটরগাড়ি (কার), মোটরসাইকেল, মোড়া, মোবাইল ফোন, মোমবাতি, মোরগ, সিংহ, সিঁড়ি, সূর্যমুখী ফুল, সেলাই মেশিন, সোনালী আঁশ, সোফা, হরিণ, হাঁস, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার, হ্যান্ডশেক এবং ‘না’ প্রতীক।
নির্বাচনী আর্থিক লেনদেন ও ব্যয় নির্বাহের ক্ষেত্রেও নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে প্রার্থীর নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি প্রার্থীর নিয়োজিত নির্বাচনি এজেন্টের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। এ ছাড়াও সংযুক্তি-১ এর ক্রমিক নম্বর ৩(গ) এ নতুন বিশেষ দ্রষ্টব্য সন্নিবেশিত হবে, যথা- ‘বিশেষ দ্রষ্টব্য: অভিযুক্ত বলিতে ওই আসামিকে বুঝাইবে যাহার বিরুদ্ধে আদালত কর্তৃক অভিযোগ (চার্জ) গঠিত হয়।’ এবং ক্রমিক নম্বর ১০ এ নতুন বিশেষ দ্রষ্টব্য সন্নিবেশিত হবে, যথা- ‘বিশেষ দ্রষ্টব্য: উপরিউক্ত ছকের ক্রমিক ২, ৩ ও ৪ এ উল্লিখিত যথাক্রম’। পাশাপাশি প্রার্থীর স্বামী/স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য প্রদান এখন থেকে ঐচ্ছিক হিসেবে বিবেচিত হবে।

