আইসিসিতে প্রথমবার সশরীরে হাজিরা দিলেন রড্রিগো দুতের্তে

মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তেকে প্রথমবারের মতো নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে (আইসিসি) সশরীরে উপস্থিত করা হয়েছে। ৮১ বছর বয়সী দুতের্তে আদালতে কালো স্যুট ও সাদা শার্ট পরে হাজির হন। দেড় বছর আগে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে গ্রেপ্তারের পর এটিই ছিল আদালতে তার প্রথম সশরীরে উপস্থিতি। এর আগের শুনানির সময়গুলোতে তিনি ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত ছিলেন অথবা অনেক শুনানি এড়িয়ে গেছেন।

আদালতে উপস্থিত থাকলেও এদিন তিনি কোনো কথা বলেননি, তবে পাবলিক গ্যালারিতে থাকা নিজের পরিবারের সদস্যদের দিকে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন। তার বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে হাজার হাজার ব্যক্তিকে বিচারবহির্ভূতভাবে হত্যার অভিযোগ রয়েছে। এই বিচার প্রক্রিয়াটি বুধবার ম্যানিলায় সরাসরি সম্প্রচার করা হয়, যা মাদকবিরোধী অভিযানের শিকার পরিবারের সদস্যরা প্রত্যক্ষ করেছেন। লোরে পাসকো নামক এক ভুক্তভোগী, যিনি তার দুই সন্তানকে হারিয়েছেন, তিনি রয়টার্সকে জানান যে দুতের্তেকে সুস্থ অবস্থায় আদালতে দেখে তারা সন্তুষ্ট।

দুতের্তের আইনজীবীরা এর আগে বিভিন্ন শুনানিতে তার স্বাস্থ্যের অবনতির কথা বলে সময় চেয়েছেন। বুধবারের শুনানিতেও তার আইনজীবী পিটার হাইনেস দাবি করেন যে, তিনি গুরুতর স্মৃতিভ্রংশ রোগে ভুগছেন এবং বর্তমান সময়ের সঙ্গে তার কোনো সংযোগ নেই। তারা দাবি করেন, তিনি নিজেকে ২০০৭ বা ২০০৮ সালের সময়ের মানুষ মনে করেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নামও স্মরণ করতে পারছেন না। তবে প্রসিকিউটররা এই দাবি নাকচ করে দিয়েছেন। বর্তমানে বিচারক তিনজন মেডিকেল বিশেষজ্ঞকে দায়িত্ব দিয়েছেন এটা যাচাই করার জন্য যে, দুতের্তে বিচারের মুখোমুখি হওয়ার মতো মানসিকভাবে সুস্থ কি না।

২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট থাকাকালীন দুতের্তের মূল লক্ষ্য ছিল মাদকের বিরুদ্ধে যুদ্ধ। এর আগে তিনি দাভাও শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইসিসি ২০১১ সালের ১ নভেম্বর থেকে শুরু করে ২০১৯ সালের ১৬ মার্চ পর্যন্ত সংঘটিত হত্যাকাণ্ডগুলো তদন্ত করছে। উল্লেখ্য যে, ২০১৯ সালের ১৬ মার্চ দুতের্তে আইসিসি থেকে ফিলিপাইনের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছিলেন। আগামী ৩০ নভেম্বর তার প্রথম ট্রায়াল বা বিচার শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।