প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পিএম (16 September 2026, 10:24 PM)
রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ নিজ দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দৃঢ় সমর্থন ও পাশে থাকার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সৌদি আরবের জেদ্দায় ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম জে এইচ জাবেদ নবনির্বাচিত মহাসচিবের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এ সময় তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের অভিনন্দনপত্র মহাসচিবের কাছে হস্তান্তর করেন।
বৈঠককালে ওআইসি মহাসচিব সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, রোহিঙ্গা সংকটের যদি দীর্ঘমেয়াদি সমাধান না করা যায়, তবে তা আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। এর ফলে এই অঞ্চলের সবার জন্যই এক মারাত্মক ভোগান্তি বয়ে আনবে।
বৈঠকে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত জাবেদ পররাষ্ট্রমন্ত্রীর আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন এবং নতুন দায়িত্ব পালনে ওআইসি মহাসচিবকে বাংলাদেশ সরকারের পূর্ণ সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ভূয়সী প্রশংসা করে ওআইসি মহাসচিব আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশটির উন্নয়ন অগ্রযাত্রা আরও নতুন গতি লাভ করবে।
বাংলাদেশের গাজীপুরে অবস্থিত ওআইসির অঙ্গপ্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) অবদানের কথা স্মরণ করে মহাসচিব বলেন, ওআইসিভুক্ত দেশগুলোতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠানটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে আইইউটির গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে তিনি জানান যে, তার আগামী সফরসূচির অংশ হিসেবে বাংলাদেশ পছন্দের তালিকার শীর্ষে রয়েছে।
বাংলাদেশের জনগণ এবং নতুন নেতৃত্বের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের জন্য মহাসচিবকে আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রদূত জাবেদ। তিনি বলেন, আগামী দিনগুলোতে বৈশ্বিক ও আঞ্চলিক যৌথ ইস্যুতে ওআইসি সচিবালয়ের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী বাংলাদেশ।

